ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের প্রকোপ না থাকলে এ সময়ে বাংলাদেশ ক্রিকেট দল অবস্থান করতো শ্রীলঙ্কায়। সেখানে দলটির খেলার কথা ছিল তিন ম্যাচের টেস্ট সিরিজ। কিন্তু সেটি হয়নি। উল্টো সিরিজ স্থগিত হয়েছে। তবে চিন্তার কিছু নেই। এ সিরিজটিই আলোর মুখ দেখবে আগামী অক্টোবরে। এমনটাই জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে।
গত চার মাস ধরে করোনা কারণে খেলা তো দূরের কথা, দল বেঁধে অনুশীলন করার সু্যোগটাও পাননি বাংলাদেশের ক্রিকেটাররা। তবে সম্প্রতি আলাদা আলাদাভাবে অনুশীলন শুরু করেছেন বেশ কিছু ক্রিকেটার।
প্রাণঘাতী করোনার কারণে এ বছর স্থগিত হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ঐ সময় কাজে লাগিয়ে সিরিজ আয়োজনে ইচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)। ইএসপিএন ক্রিকইনফোকে নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, আগামী কয়েক মাসের মাঝে বাংলাদেশের এ পর্যন্ত স্থগিত হওয়া যে সকল সিরিজ আবারো খেলার সম্ভাবনা রয়েছে শ্রীলংকা সফর সেই তালিকায় প্রথমে রয়েছে।
বিসিবির সিইও বলেন, আইসিসির তিনটি বড় টুর্নামেন্টের (বিশ্বকাপ) ঘোষণাটি আমাদের বিভিন্ন সিরিজের সময়সীমা সম্পর্কে ধারণা দিয়েছে। এখন আমরা আমাদের সময়সূচী ও ধারণা নিয়ে কাজ শুরু করেছি।
নিজামউদ্দিন চৌধুরী আরো বলেন, ‘এই বছরের শেষ দিকে অক্টোবরে টেস্ট সিরিজ আয়োজনের ব্যাপারে উভয় বোর্ডই (বিসিবি ও এসএলসি) ইতিবাচক। আমরা এসএলসির সঙ্গে আলোচনা করছি। এই মুহূর্তে শ্রীলংকা উপমহাদেশের যেকোনো দেশের তুলনায় কোভিড -১৯ মোকাবেলায় উন্নত অবস্থানে রয়েছে। যেহেতু আমাদের দেশে পরিস্থিতি এখানো অনুকূলে নেই তাই আমরা দূরের ম্যাচগুলি খেলতে আগ্রহী।’



