ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রতিদিনই করোনার ছোঁবলে হাজার হাজার প্রাণহানি ঘটছে। শুধু তাই নয় এর সংক্রমণে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক, করোনামুক্ত থাকার সংগ্রামে ব্যতিব্যস্ত। সব মিলে একটা অশান্ত পরিস্থিতি। সবার মনেই উদ্বেগ। এমন পরিস্থিতিতে বন্ধ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়ানো নিয়ে জেগেছে শঙ্কা। যা আরও বেড়ে গেল সিসিডিএম সদস্য সচিব আলী হোসেনের কথাতে, এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগের ভাগ্য অনিশ্চিত। এবার মনে হয় আর প্রিমিয়ার ক্রিকেট লিগ হবে না।
বর্তমান অবস্থায় ঢাকা লিগ শুরুর চিন্তায় কেউ করতে পারছে না। এ ব্যাপারে সিসিডিএম সদস্য সচিব জানান, ‘মার্চে যে লিগটি শুরু হয়েছিল সেটা ২০১৯-২০ প্রিমিয়ার লিগ। এ লিগ শুরু ও শেষের একটা সময়সীমা আছে। অর্থবছরের মত এই বর্ষপঞ্জিও জুন থেকে জুন, সর্বোচ্চ জুলাই পর্যন্ত টানা যায়। তাই আগামী জুন, না হয় সর্বোচ্চ জুলাই মাসের ভেতরে লিগ শেষ করা জরুরি। করোনার কারণে এ সময়ের ভেতর লিগ পুনরায় শুরু ও শেষ করা খুব কঠিন হবে বলেই মনে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ঐ সময়ের মধ্যে লিগ শেষ না হলে ২০১৯-২০ মৌসুমের ইতি ঘটবে। অন্তত জুলাইয়ের ভেতর লিগ শেষ করতে পারলেও ২০১৯-২০২০ লিগ বলে পরিগণিত হবে। কিন্তু তারপর খেলা মাঠে গড়ানো মানে ২০২০-২১ লিগ হয়ে যাওয়া।’
এবারের লিগে অন্তত ৮টি ক্লাব গড়পড়তা এক-দেড় কোটি টাকা খরচ করে ফেলেছে। সেই টাকার কী হবে? আবার কি নতুন করে দল বদল হবে? যদি সেপ্টেম্বর-অক্টোবরে যদি শুরু হয়, সেটা কি ২০২০-২১ লিগ বলে গণ্য করা হবে? সিসিডিএম সদস্য সচিবের এ ব্যাপারে বলেন, ‘আমি নিয়ম ও প্রথার কথা বলছি। তবে সিসিডিএম যেহেতু ক্লাবগুলোর সংগঠন এবং প্রিমিয়ার লিগ ১২ ক্লাবের টুর্নামেন্ট, তাই তাদের মত সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। যদি সেপ্টেম্বর-অক্টোবরের আগে লিগ শুরু করা সম্ভব না হয়, তাহলে এই লিগ মানে ২০১৯-২০ বাতিল হবে নাকি ২০২০-২১ বলে পরিগণিত হবে- তা ক্লাবগুলো বসেই ঠিক করবে। সিসিডিএমের সভায় ক্লাবগুলো বসে যে সিদ্ধান্ত নেবে, সেটাই সুপারিশ আকারে বোর্ডে পাঠানো হবে। তখন বিসিবিই ঠিক করবে, লিগ সেপ্টেম্বর-অক্টোবরে গড়ালে কী হবে?’
সিসিডিএমের সদস্য সচিবের কথাতেই বোঝা যাচ্ছে, এবারের প্রিমিয়ার লিগের ভাগ্য পুরোই অনিশ্চিত।



