ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কালো থাবায় একের পর এক দিপাক্ষিক সিরিজ স্থগিত হয়ে যাচ্ছে। আর তাই শঙ্কা জেগেছে এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কি হবে না তা এখনই বলতে পারছেন না আইসিসি। সংস্থাটি জানিয়েছে আগামী আগস্ট মাসের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত নিয়ে কোনো সিদ্ধান্ত হবে না।
এ বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কা থাকলেও আইসিসি’র একটি বিশ্বস্থ সূত্র বলেছে, ‘করোনার বিষয়টি বেশ কষ্টদায়ক সারা বিশ্বের জন্য। সবার আগে মানুষের সু-স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। আগামী দুই মাসে পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগামী মে মাসে যদি আইসিসি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা দেয় আর এরপর যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তখন কি হবে? সেজন্যই আইসিসি এই সিদ্ধান্তটি নিতে সময় নেবে। আগামী আগস্টের আগে ঘোষণা আসার কোনো সম্ভবনা নেই।’
সূত্রটি আরও বলেছে, ‘সব কিছুই এখন পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী এগোবে। নির্ধারিত তারিখেই বিশ্বকাপ মাঠে গড়াবে। অস্ট্রেলিয়ায় আইসিসি’র লোকাল অর্গানাইজেশন কমিটি (এলওসি) অন্য সব ধরনের প্রস্তুতির কাজ পুরোদমে অব্যহত রাখবে।’
এদিকে একজন আইসিসি মুথপাত্র বলেছেন, ‘এই অনিশ্চিত সময় আমাদের একমাত্র দায়িত্বই হলো ক্রিকেটার, কোচ, কর্মকর্তা ও পুরো ক্রিকেট বিশ্বের যারা সমর্থক গোষ্ঠী রয়েছেন, আগামী কয়েক মাস তাদেরকে সকল কর্মকাণ্ডে নিরাপদে রাখা।’



