ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এক সময় ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ। তার হাত ধরেই নতুন পথে সূচনা বাংলাদেশের। যা দেখে অনুপ্রাণিত হয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) হাথুরুসিংহেকে কোচের চেয়ারে বসায়। শুধু তাই নয় তার কাঁধেই সফরকালীন নির্বাচকের দায়িত্বেও উঠেছিল। কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছে না। তাই বিশেষ জরুরি সভা ডেকে এ পদ থেকে হাথুরুকে শেষ পর্যন্ত অব্যাহতি দিয়েছে এসএলসি।
শ্রীলঙ্কার সফরকালীন একাদশ নির্বাচনের কাজটি এখন থেকে করবেন দলের ম্যানেজার ও অধিনায়ক। তারা পরামর্শ নেবেন মূল নির্বাচক কমিটির। সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, ‘দল নির্বাচন প্রক্রিয়া কার্যকর ও স্বচ্ছ’ করতে ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ দলের কোচ থাকার সময় সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন হাথুরু। কিন্তু ক্রমে তিনিই হয়ে উঠেছিলেন দল নির্বাচনে সবচেয়ে প্রভাবশালী। তাতে প্রশ্ন উঠলেও বিসিবি নিজেদের সিদ্ধান্তে ছিল অটল। শেষ পর্যন্ত ২০১৭ সালে নিজ ইচ্ছেতেই টাইগার কোচের পদ ছেড়ে শ্রীলঙ্কায় পাড়ি দিয়েছিলেন চান্দিকা। সে সময় লঙ্কান ক্রিকেট বোর্ডের আইন সংশোধন করে তার ঘাড়েই সফরকালিন নির্বাচকের ভার তুলে দিয়েছিল দেশটির বোর্ড। কিন্তু তাতে দেশটির ক্রিকেটের খুব একটা উন্নতি হয়নি। যার প্রমাণ সাম্প্রতিক পারফরম্যান্স।
সব মিলিয়ে তিন সংস্করণে এখন পর্যন্ত হাথুরুর অধীনে ৪২ ম্যাচের ১৪টি জিতেছে শ্রীলঙ্কা। তাইতো হঠাৎ করেই তাকে সফরকালিন নির্বাচক থেকে সরিয়ে দিল দেশটির ক্রিকেট বোর্ড।



