খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বোলারদের জন্য দারুণ এক দিন কাটল। ওয়ালটন জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে এক দিনেই পড়ল ১৩ উইকেট। খুলনা বিভাগের আব্দুর রাজ্জাক, আল-আমিন ও মাশরাফি বিন মুর্তজা বল হাতে আগুন ঝরালেন। তাদের দাপটে ১৭১ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে বরিশাল বিভাগ। খুলনার ৪৪৪ রানের জবাবে দলটি ২৭৩ রান পেছনে আছে।
ডাবল সেঞ্চুরির অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত তা হল না! আগের দিনের ১৬৫ সঙ্গে শনিবার মাত্র ১২ রান যোগ করে সাজঘরে ফিরেন খুলনার মেহেদি হাসান। শেষ দিকে নূরুল হাসান ও মইনুলের ব্যাটে ভর করে ৪৪৪ রান তুলে খুলনা। আগের দিন তুষার ইমরানের ব্যাট থেকে আসে ১৩২ রান। বরিশালের হয়ে ৩৪.৩ ওভারে ৬ মেডেনে ৮৫ রানে একাই ৭ উইকেট নেন স্পিনার মনির হোসেন।
এরপর মাঠে নেমেই উইকেট পতনের মুখে পড়ে বরিশাল। মাত্র ১৩ রানে তারা হারায় ৩ উইকেট। এই পতনের মুখে সপ্তম উইকেটে রাফসান (৫৮) ও নুরুজ্জামানের (৫২) অবিচ্ছিন ৮০ রানে ভর করে ১৭১ তুলে দিন শেষ করে বরিশাল। খুলনার হয়ে রাজ্জাক ও আল-আমিন নিয়েছেন ২টি করে উইকেট। মাশরাফি ও মেহেদি নেন একটি করে উইকেট।
দিনের দাপট ছিল চট্টগ্রাম বিভাগের। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শনিবার স্বাগতিকদের বিপক্ষে ৮ উইকেটে ৪১৯ তুলে দিন শেষ করে বন্দরনগরীর দলটি। সর্বোচ্চ ৯৪ রান করেন ইয়াসিন আলি। সাজেদুল ৬৮ ও ইরফান শুক্কুর ৬৫ রান করেন। রাজশাহীর হয়ে সাকলায়েন সজীব ও নাজমুল হোসেন শান্ত নিয়েছেন ২টি করে উইকেট।
জাতীয় লিগের অন্য দুই ম্যাচ (ঢাকা মেট্রো-সিলেট বিভাগ ও ঢাকা বিভাগ-রংপুর বিভাগ) প্রথম দিনের মতো শনিবারও বৃষ্টির কারণে হয়নি!



