অল্পতেই রক্ষা পেয়ে গেলেন ডেভিড ওয়ার্নার। আরেকটু হলে বাংলাদেশ সফরটা শেষই হয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়ান এই ক্রিকেট তারকার। প্রতিপক্ষের বোলারের বাউন্সার এসে ঘাড়ে আঘাত হানলেও সুস্থ আছেন তিনি। বড় কোন দুর্ঘটনা হয়নি। এমন কী সফর নিয়েও কোন অনিশ্চয়তা তৈরি হয়নি।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে দুই দলে বিভক্ত হয়ে তিন দিনের এক প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে মঙ্গলবার ইনজুরিতে পড়েন ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়া বুধবার জানিয়েছে, ‘ব্যাট করতে নেমে গলায় আঘাত পেয়ে মাঠ ছাড়ার পর ডেভিড ওয়ার্নার সুস্থ রয়েছেন। মেডিক্যাল পরীক্ষায় তিনি পাস করেছেন।’ জানা গেছে বুধবার সকালে মাঠে নেমে অনুশীলনও করেন ওয়ার্নার।
ডারউইনে দুই দলে ভাগ হয়ে খেলতে নামার পর প্রতিপক্ষের বোলার জোশ হ্যাজেলউডের লাফিয়ে উঠা বল হুক করতে গিয়ে চোট পান ওয়ার্নার। হ্যাজেলউডের সেই বলটি ব্যাটে লাগাতে ব্যর্থ হন তিনি। এরপরই বলটি আঘাত হানে তার ঘাঁড়ে। মূহুর্তেই মাঠে শুয়ে পড়েন অস্ট্রেলিয়ান সহ-অধিনায়ক। তবে আঘাতটা তেমন গুরুতর ছিল না। এরপর ডাক্তার রিচার্ড ‘শ মাঠে ছুটে এলেও কারো সাহায্য ছাড়াই মাঠ ছেড়েছেন। ড্রেসিংরুমে গিয়ে নিজেই চোটে বরফ লাগান। যাই হোক সেই আঘাত সামলে উঠেছেন এই ওপেনার।
সবকিছু ঠিক থাকলে আসছে ১৮ আগস্ট বাংলাদেশে আসবে অজি দল। ২০০৬ সালের পর এবারই প্রথম টেস্ট খেলতে বাংলাদেশে আসছে তারা। ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচের পর আগামী ২৭ আগস্ট মিরপুরে মুশফিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, শুরু ৪ সেপ্টেম্বর।



