দলে পরিবর্তন আসছে, এটা প্রায় নিশ্চিতই ছিল। কিন্তু এমন চমক জাগানো পরিবর্তন থাকবে, কে ভেবেছিল? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাডিলেড টেস্টের ১২ সদস্যের দলে আগের টেস্ট থেকে পরিবর্তন ছয়টি।
দলে তিন জন নতুন মুখ। আর ফিরেছেন তিনজন। শোনা যাচ্ছে নতুন নির্বাচক প্যানেল নাকি সেই ম্যাচে একসঙ্গে নতুন তিনজনকেই অ্যাডিলেডেই ব্যাগি গ্রিন ক্যাপ তুলে দিতে চাইছেন। তারা হলেন- তিন ব্যাটসম্যান ম্যাথিউ রেনশ, পিটার হ্যান্ডসকম ও নিক ম্যাডিনসন।
এমন নাটকীয় পরিবর্তনের ঘটনা অস্ট্রেলিয়ান ক্রিকেটে একেবারেই বিরল। এক টেস্ট থেকে আরেক টেস্টে ৬টি পরিবর্তন অজি দলে সর্বশেষ হয়েছিল ১৯৮৪ সালে।
অ্যাডিলেডে হবে দিবা-রাত্রি টেস্ট। যা শুরু বৃহস্পতিবার। যদিও এই টেস্টের আগেই সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, ম্যাথিউ রেনশ, উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম, নিক ম্যাডিনসন, ম্যাথিউ ওয়েড, মিচেল স্টার্ক, জস হেইজেলউড, নাথান লায়ন, জ্যাকসন বার্ড এবং চ্যাড সায়ার্স।



