একেই বলে অভিজ্ঞতা! মনে হচ্ছিল ম্যাচটা বুঝি জিততে পারছে না পাকিস্তান। সমীকরনটাও কঠিন ছিল। কিন্তু একাই হিসেবের ছক পাল্টে দিলেন ইউনুস খান। তার ম্যাজিক ব্যাটিংয়ে মঙ্গলবার পাকিস্তান তৃতীয় ও শেষ টেস্টে পেল স্মরনীয় এক জয়।
পালেকেল্লেতে সিরিজ নির্ধারণী টেস্টের পঞ্চম ও শেষ দিনে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল পাকিস্তান। ইউনুস করলেন অপরাজিত ১৭১।
আর তাতেই পাকিস্তান উঠে গেল নতুন উচ্চতায়। ৩ ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে টেস্ট র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে উঠল তারা। ২০০৬ সালের পর শ্রীলঙ্কায় এবারই প্রথম টেস্ট সিরিজ জিতল পাকিস্তান।
ম্যাচে ৩৭৭ রানের লক্ষ্যে খেলতে নামে সফরকারীরা। আর ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। ইউনুস ২৭১ বলে করেন ১৭১। ম্যাচসেরা তিনিই। মিসবাহ ১০৩ বলে অপরাজিত ৫৯ রান।
সিরিজ সেরা মোট ২৪ উইকেট নেওয়া লেগস্পিনার ইয়াসির শাহ।



