ব্যাটিং পরামর্শক হিসেবে জেমি সিডন্সকে নিয়োগ দিতেই উত্তাল হয়ে উঠে চারপাশ। কারণ দলে যে সে সময় ছিলেন একজন ব্যাটিং কোচ। তখনও অবশ্য বলা হয়েছিল- ব্যাটিং কোচ থাকবেন অ্যাশওয়েল প্রিন্স। এই দায়িত্বে আর থাকছেন না প্রিন্স।
বুধবার দক্ষিণ আফ্রিকার ওয়েবসাইট ইনডিপেন্ডেন্ট অনলাইন (আইওএল) এক্সক্লুসিভ প্রতিবেদনে তার পদত্যাগের খবর দিয়েছে। তাদের ওয়েবসাইটে এক প্রতিবেদনে জানানো হয়-পরিবারকে সময় দিতেই দায়িত্ব ছাড়লেন প্রিন্স। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন না তিনি। যদিও এ বছর নভেম্বর অব্দি বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিল তার।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রিন্স বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দেন স্বদেশি হেড কোচ রাসেল ডমিঙ্গোর হাত ধরে। গত বছর শেষ হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শুরুতে চুক্তি করেন প্রিন্স। এরপর সেটা এক বছর বাড়ানো হয়। দ্বায়িত্ব নিয়ে বেশ দক্ষতার পরিচয় দেন। এ বছর প্রিন্সের অধীনে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স প্রশংসা পেয়েছে।
আগামী মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে থাকছেন না প্রিন্স। বাংলাদেশের কোচিং স্টাফদের মধ্যে দ্বিতীয় সদস্য হিসেবে পদত্যাগ করলেন এই প্রোটিয়া। এর আগে বোলিং কোচ ওটিস গিবসন বাংলাদেশের দায়িত্ব ছাড়েন। এখন কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল ইয়র্কশায়ারের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি।
এদিকে হঠাৎ কেন সরে দাঁড়াচ্ছেন প্রিন্স? বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে, প্রিন্সের পদত্যাগপ্রত আকস্মিক। গণমাধ্যমে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা তার পদত্যাগের মেইল পেয়েছি। কারণটা পারিবারিক।’
ঘরের মাঠে পাকিস্তান সিরিজের পরই ছুটিতে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় যান প্রিন্স। আর ফেরা হলো না তার। জেমি সিন্ডন্স বিসিবির ব্যাটিং পরামর্শক হয়ে আসার পরই তার ভাগ্য নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। এবার তিনি সরেই গেলেন!



