ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আরো একবার হঠাৎ করেই বাংলাদেশ জায়গা পেলেন সৌম্য সরকার। জাতীয় ক্রিকেট লিগ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। খেলার মাঝপথেই যাচ্ছেন চট্টগ্রামে। প্রথম ইনিংসে ৬৬ রান করেছেন তিনি। তার জায়গায় জাতীয় লিগের ওই ম্যাচে বদলি হিসেবে নামছেন রবিউল ইসলাম রবি।জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দলে আছেন সৌম্য।
এর আগে তামিম ইকবালের চোটে পড়ায় এশিয়া কাপে হঠাৎ করেই জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছিলেন। কিন্তু নিজেকে ঠিক মেলে ধরতে পারেননি তিনি। যে কারণে চলতি জিম্বাবুয়ে সিরিজে ৫০ ওভারের ম্যাচে নির্বাচকরা দলে নেননি তাকে। কিন্তু এবারো মাঝপথে ডাক মিলল। ঘরোয়া ক্রিকেটে রান আর জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শতরানেই ডাক মিলল তার।
হঠাৎ কেন সৌম্য দলে? এমন প্রশ্নের মুখে বুধবার টড়তে হয় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে। তিনি বলেন, ‘দেখুন, সৌম্য জাতীয় লিগে রান করছে। এমন কী প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছে। উইকেটও পাচ্ছে। দ্বিতীয় ওয়ানডেতেই যদি আমরা সিরিজ জিতে যাই, তাহলে একাদশের বাইরে থাকা সবাইকে শেষ ম্যাচে দেখার ইচ্ছে আছে। এ কারণেই সৌম্যকেও একটা সুযোগ দিতে চাই আমরা।’
জাতীয় লিগে রানে আছেন তিনি। তিনটি হাফ সেঞ্চুরির সঙ্গে করেছেন একটি সেঞ্চুরি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও সফল। করেন শতরান।
অবশ্য ওয়ানডেতে সবশেষ ৮ ইনিংসে ফিফটিও নেই সৌম্য সরকারের।
বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, ফজলে রাব্বী, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মু্স্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আরিফুল হক ও সৌম্য সরকার।



