এখান থেকেই উঠে আসবে আগামীর সাকিব আল হাসান কিংবা একজন মুস্তাফিজুর রহমান। সেই আয়োজন স্কুল ক্রিকেটের ফাইনাল হলো সোমবার। যেখানে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ৪৩ রানে হারিয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন রংপুর শিশু নিকেতন হাই স্কুল।
নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে টস হেরে ব্যাটিংয়ে নামা রংপুর শিশু নিকেতন ৩৭.১ ওভারে অলআউট হয়ে করে ১০২ রান। আহেমেদ তেজান কাব্বা বিশেষ সর্বোচ্চ ২৮ রান করেন। উইকেট রক্ষক সাদ করেন ২৪ রান। মেহেরপুরের আরাফাত আমান রাইয়ান ৯ রানে ৪ উইকেট নেন। সোহানুর রহমান ও সোহান আবেদীন ২টি করে উইকেট তুলেছেন।
১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারিয়েছিল মেহেরপুর। শুরুর এ ধাক্কা সামলে উঠা হয়নি। রংপুরের লেগ স্পিনার সাইখ ইমতিয়াজ শিহাব ৫ ওভারে ১৪ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষ দলকে শেষ করে দেন। শেষপর্যন্ত ২০.২ ওভারে ৪৩ রানে অলআউট হয় মেহেরপুরের স্কুলটি।
৫ এপ্রিল শুরু হয় স্কুল ক্রিকেটের এই টুর্নামেন্ট। যেখানে ৬৪ জেলায় মোট ৩৫০টির বেশি স্কুল প্রতিযোগিতায় অংশ নেয়। ৮০০টির বেশি মাঠে ৬৫৩ ম্যাচে অংশ নেন ৭ হাজারের বেশি ক্রিকেটার।
৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রংপুর অধিনায়ক সাইখ ইমতিয়াজ শিহাব। ৩৩ উইকেট নিয়ে সেরা বোলারও তিনি। সঙ্গে করেছিলেন দেড় শতাধিক রান। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ও হয়েছেন প্রতিভাবান এ ক্রিকেটার। বাড্ডা আলাতুন নেসা স্কুলের মাফরাফ মাহিন রুদ্র ৩৮৩ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশীদ। বিসিবি পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, সাবেক দুই ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও হাসিবুল হোসেন শান্ত।



