যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। শেষ চারের লড়াইয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে ফরিদ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একই দিনে অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার, বাংলাদেশ সময় সকাল ১১টায়। সেমিফাইনালের দুই লড়াই শেষে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েছে বাংলাদেশ। অন্যদিকে তিন ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। ফলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান।
টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ম্যাচেই আফগানিস্তানের কাছে ১১৩ রানের বড় ব্যবধানে হারে যুব টাইগাররা। ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে সেই হার থেকে ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচে দাপুটে জয় তুলে নেয় দলটি। শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারানোর পর মালয়েশিয়াকে উড়িয়ে দেয় ২০৫ রানের বিশাল ব্যবধানে।
মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়া। মাত্র ৯৮ রানে অলআউট হয়ে যায় তারা। এমন দাপুটে জয়ে আত্মবিশ্বাস নিয়েই সেমিফাইনালে নামবে বাংলাদেশের যুবারা।
অন্যদিকে ‘এ’ গ্রুপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তান। তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ৭ উইকেটে ২৭৫ রান করে পাকিস্তান। জবাবে ৪৩.৪ ওভারে ১৭৪ রানেই গুটিয়ে যায় নেপাল। একই গ্রুপ থেকে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে ভারত। সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করে তারা।



