অনেক দিন পর সাদা পোশাকে ফিরে বল হাতে আগুন ঝরালেন মাশরাফি বিন মর্তুজা। ৪ ওভার বল করে ১ মেডেনসহ ১২ রান দিয়ে নিলেন ৩ উইকেট। দেখার মতো বোলিং ফিগার ৪-১-১২-৩! চারদিনের ম্যাচে প্রত্যাবর্তনটা মনে রাখার মতোই হলে ম্যাশের। তবে ওয়ালটটন জাতীয় লিগে প্রথম রাউন্ডে প্রথম স্তরের ম্যাচে রংপুরের বিপক্ষে জেতা হয়নি।খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুর-খুলনা ম্যাচটি ড্র হয়েছে। এনামুল হক বিজয়ের ২১৬ রানের দুর্দান্ত ইনিংস শেষে মাশরাফির বোলিংয়েও জয় দেখা হয়নি।
টস হেরে আগে ব্যাট করে ৪৭১ রান করে রংপুর বিভাগ। নাঈম ইসলাম আর ধীমান ঘোষ করেন সেঞ্চুরি। ৮৯ রান আসে সোহরাওয়ার্দী শুভর ব্যাট থেকে।
জবাবে এনামুল হক বিজয়ের প্রথম ডাবল সেঞ্চুরি ও রবিউল ইসলাম রবির সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৯৫ রানে ইনিংস ঘোষণা করে খুলনা। লিড দাঁড়ায় ২৪ রান। সোমবার শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে রংপুর। কিন্তু ৮ ওভার ব্যাট করে ৩৭ রান তুলতেই শুরু হয বৃষ্টি। তারপর ম্যাচ ড্র ঘোষণা করেন অফিসিয়ালরা।
ম্যাচ শেষে প্রসংসায় ভাসছেন মাশরাফি। তার দল খুলনা বিভাগের কোচ কাজী এমদাদুল বাশার রিপন বলছিলেন, ‘দুর্দান্ত বোলিং করেছে ও। বিশেষ করে দ্বিতীয় ইনিংসের শুরুতে অসাধারণ একটা স্পেল করেছে। ওর বল কোনো ব্যাটসম্যান বুঝতেও পারছিল না। দ্রুত ৩ উইকেট নিল। এক কথায় অসাধারণ।’
ম্যাশের এমন বোলিং কিছুটা হলেও এনামুলের ডাবলসেঞ্চুরিকে ম্লান করে দিয়েছে। খুলনার কোচ বলেন, ‘ ২০১২ সালে ১৯৩ করল, তখনো আমি এ দলটির সঙ্গে কাজ করি। এরপর অনেকগুলো একশ করেছে, অনেকগুলো ভালো ইনিংস খেলেছে। কিন্তু এবারের মতো ইনিংস ও কখনোই খেলেনি। আমার দেখা ওর সেরা ইনিংস এটি। সবথেকে বড় কথা পুরো ইনিংসে একটি বাজে শটও ও খেলেনি।’



