ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনিই যে দেশের সেরা বোলার সেটা বারবারই প্রমাণ দিচ্ছেন সাকিব আল হাসান। এবার বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগে (বিপিএল) অনন্য উচ্চতায় উঠলেন এই স্পিনার। নতুন এক কীর্তি গড়লেন তিনি। বিপিএলে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক।
মঙ্গলবার ৯৭ উইকেট নিয়ে মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে নামেন সাকিব। তৃতীয় ওভারে আউট করেন তামিম ইকবালকে। শেষ ওভারের এসে তিন বলের মধ্যে ফেরান শহীদ আফ্রিদি ও শামসুর রহমানকে। চার ওভারে ২৪ রানে নেন ৩ উইকেট।
তারই পথ ধরে বিপিএলের সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আরেক কীর্তি গড়েন। ৬৯ ম্যাচে নিয়েছেন ১০০ উইকেট। খেলেছেন ঢাকা ডায়নামাইটস ছাড়াও তিনি ঢাকা গ্ল্যাডিয়েটর্স, খুলনা রয়্যাল বেঙ্গলস ও রংপুর রাইডার্সের হয়ে।
৫৭ ম্যাচে ৬৭ উইকেট নিয়ে তালিকায় দুইয়ে পেসার শফিউল ইসলাম। ৬৮ ম্যাচে ৬৪ উইকেট নিয়ে এরপরই মাশরাফি বিন মুর্তজা। সেরা পাঁচে আছেন কেভিন কুপার (৩৮ ম্যাচে ৬৩ উইকেট) ও রুবেল হোসেন (৪৯ ম্যাচে ৫৭ উইকেট)।
কিন্তু সাকিবের ম্যাচটাতে হেরে গেছে ঢাকা ডায়নামাইটস। কুমিল্লা ম্যাচ জিতে ৭ রানে। মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথমে ব্যাট করতে নেমে মঙ্গলবার ৮ উইকেটে ১৫৩ রান তুলে কুমিল্লা। এরপর জবাব দিতে নেমে ২০ ওভারে ১৪৬ রানে আটকে যায় ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর-
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৫৩/৮ (তামিম ৩৪, এনামুল ১, ইমরুল ৭, শামসুর ৪৮, আফ্রিদি ১৬, থিসারা ২৬, ডসন ৬, জিয়া ৫, সাইফ ০*; রাসেল ৪-০-২৭-২, সাকিব ৪-০-২৪-৩, নারাইন ৪-০-৩১-০, রুবেল ৪-০-২৬-২, মোহর ৩-০-২৬-০, শুভাগত ১-০-১৪-০)
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৪৬/৯ (জাজাই ১, নারাইন ২০, রনি ৬, রাসুলি ১৯, সাকিব ২০, রাসেল ৪৬, শুভাগত ৩, সোহান ৪, নাঈম ১৪*, রুবেল ১০, মোহর ০*; সাইফ ৪-০-৩৮-১, মেহেদি ৪-১-৩১-০, ওয়াহাব ৩-০-২৪-১, আফ্রিদি ৪-০-১৮-২, ডসন ২-০-২০-০, থিসারা ৩-০-১৪-৩)
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ রানে জয়ী


