ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বছরটা মনে রাখার মতো হয়ে থাকছে তাইজুল ইসলামের। ঘূর্ণি বলে রীতিমতো যাদু দেখাচ্ছেন তিনি। জিম্বাবুয়ে তার বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েছিল। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধরে রেখেছেন ধারাবাহিকতা। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। সেই সাফল্যের পর ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টেও ঝড় তুলতে চান তিনি।
অবশ্য ম্যাচে নামার আগেই একটা মাইলফলকের সামনে তাইজুল। টেস্টে ১০০ উইকেটের হাতছানি। আর মাত্র ৬ উইকেটে পেলেই উইকেটের সেঞ্চুরি হয়ে যাবে তার। তবে এসব নিয়ে ভাবনা নেই তাইজুলের। এই স্পিনার বলেন, ‘এখন আমার মাথায় এতো কিছু নেই। আমি ভালো বোলিং করাটাই চেষ্টা করে যাবো। উইকেট যদি কপালে থাকে, আসলে ভালো বল করলে উইকেট পাওয়ার চান্সটা বেশি থাকে। আমি ভালো বল করার চেষ্টাটাই করবো।’
২০১৮ সালে ৬ টেস্ট খেলে তাইজুল নেন ৪০ উইকেট। ৯ টেস্ট খেলে ৪৬ উইকেট নিয়ে বছরের সর্বোচ্চ শিকারি দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তাকে টপকে যেতে যাওয়ার হাতছানিও আছে।
তবে সেই সব কথা না ভেবে তাইজুল মেতেছেন সাকিব আল হাসান বন্দনায়। তিনি বলেন, ‘আমাদের এশিয়া কিংবা তার বাইরেও সাকিব ভাইয়ের সাথে কারো তুলনা করা যায় না। তারপরও সাকিব ভাই থাকার পরও যখন আমি উইকেট পাই, তখন অনেক ভালো লাগে। মনে হয় একদিন সাকিব ভাই এর মত হয়তো হতে পারবো না, অন্তত কাছাকাছি যেতে পারবো। কিন্তু সাকিব ভাই একজনই।’
টেস্ট স্পেশালিস্ট হয়ে উঠা এই স্পিনার জায়গা পোক্ত করতে এভাবেই লড়ে যেতে চান। বলেন, ‘আমি লড়ে যেতে চাই। যখন জাতীয় দলের হয়ে খেলা থাকে না তখন ঘরোয়া লিগ থাকলে খেলি। এছাড়া নিজের প্র্যাকটিস করি। নিজের মধ্যে চ্যালেঞ্জটা অবশ্যই থাকতে হবে। নিজে যদি মন দিয়ে কাজ না করি তাহলে নিজেই পেছনে যাবো আমি।’


