বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা নতুন করে জোরালো হয়েছে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই অলরাউন্ডারকে আবার খেলায় ফেরাতে ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। তার মতে, আইনি জটিলতার সমাধান হলে খুব শিগগিরই আবার ক্রিকেট মাঠে দেখা যেতে পারে সাকিবকে।
বুধবার কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব প্রসঙ্গে কথা বলেন বিসিবির এই পরিচালক। তিনি জানান, বিষয়টি নিয়ে সরকার ও ক্রিকেট বোর্ড একসঙ্গে কাজ করছে।
আসিফ আকবর বলেন, ‘সাকিবের যে আইনগত বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, সেগুলো সমাধানে মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি একসঙ্গে কাজ করছে। আমরা আশাবাদী, খুব দ্রুতই তাকে আবার মাঠে দেখা যাবে।’
সাম্প্রতিক সময়ে সাকিবকে ঘিরে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা বাড়ছে। বিভিন্ন মহলে তার প্রত্যাবর্তন নিয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিসিবির পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনগত জটিলতা কাটানোর পথ খোঁজা হচ্ছে।
অনুষ্ঠানে সাকিব প্রসঙ্গের পাশাপাশি কক্সবাজারে ক্রিকেট অবকাঠামো উন্নয়ন নিয়েও কথা বলেন আসিফ আকবর। তিনি জানান, ভবিষ্যতে এখানে আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
কক্সবাজারে ইতিমধ্যে নারী ও বয়সভিত্তিক আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হচ্ছে বলেও জানান তিনি। তবে এসব ম্যাচ প্রয়োজন অনুযায়ী আলোচনায় আসে না বলেও মনে করেন বিসিবির এই কর্মকর্তা।
এবারের ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিভাগ এবং রানার আপ হয় ঢাকা মেট্রো। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অপারেশন প্রধান কাজী হাবিবুল বাশার সুমন এবং নির্বাচক মেহরাব হোসেন অপিও উপস্থিত ছিলেন।










Discussion about this post