ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ছুটির সময়টুকু বিশ্রাম না নিয়ে ওমরাহ করতে সৌদি আরব গেলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষেই স্ত্রী, কন্যা আর মাকে নিয়ে দেশ ছেড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। রোববার বিকেল ৪টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশে বিমানে উঠে সাকিব ও তার পরিবার।
এ বছর সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে হজ পালন করেছিলেন সাকিব। এরপরই দেশে ফিরে আঙ্গুলের ইনজুরি চোট নিয়েই খেলেন এশিয়া কাপ ক্রিকেটে। তারপর মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি। অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফের মাঠে নামেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ মিস করলেও ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সাফল্যও পেয়েছেন তিনি। সাকিবের নেতৃত্বেই টেস্ট সিরিজে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ওয়ানডে সিরিজেও দুর্দান্ত খেলেন। এরপর টি-টুয়েন্টিতে সিরিজ না জিতলেও ক্যারিয়ারসেরা বোলিং করেন তিনি। তুলে নেন ৫ উইকেট।
সেই সাফল্যের রেশ থাকতেই স্ত্রী উম্মে আহমেদ শিশির, কন্যা আলাইনা হাসান ও মা’কে নিয়ে ওমরাহ করতে গেলেন সাকিব। পবিত্র ওমরাহ পালন শেষে ২৯ ডিসেম্বর দেশে ফেরার কথা সাকিবের।


