সামনেই নতুন মিশন বাংলাদেশের। জানুয়ারিতে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। তারপরই শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ। সেই লড়াইয়ে চন্ডিকা হাথুরুসিংহে থাকবেন লঙ্কানদের কোচ। এজন্য কিছুটা চিন্তিত তিনি। আসন্ন হোম সিরিজে প্রতিপক্ষের কোচ হাথুরুসিংহে হওয়ায় দলকে আরও সচেতন থাকার পরামর্শ দিলেন মাশরাফি বিন মর্তুজা।
আসছে বছর ঢাকায় বসতে পারে এশিয়া কাপ। এটি জিতে আন্তর্জাতিক ক্রিকেটে শিরোপা খরা দুর করতে চান তিনি। জানালেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে একটা সম্ভাবনা আছে। ট্রফি আমার কাছে বড় ব্যাপার না। যতটুকু করেছি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য করেছি। এটাই আমার কাছে বড় ব্যাপার।’ এশিয়া কাপের বাকি ৬ মাস। কিন্তু তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। ওয়ানডে অধিনায়ক বললেন, ‘শ্রীলঙ্কার কোচ হয়ে হাথুরুসিংহে আসছে সব খেলোয়াড়ের দুর্বলতার পয়েন্ট উনি জানেন। এইটা শ্রীলঙ্কার পরিকল্পনার ক্ষেত্রে একটা সুবিধা হতে পারে। আমাদেরও মানসিকভাবে শক্তিশালী হয়ে মাঠে নামতে হবে।’
আইসিসি’র ২০১৯ থেকে ২৩ সালের প্রস্তাবিত এফটিপিতে বাংলাদেশের ম্যাচ বাড়ছে। ম্যাচ বাড়ায় খুশি মাশরাফি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আইসিসি’র সভায় এফটিপি চূড়ান্ত অনুমোদন পেতে পারে। আর সেটা হলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ৪ বছরে রেকর্ড তিন ফরম্যাটে ১২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে।









Discussion about this post