ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগেই থেকেই পাকিস্তান সফরে বাংলাদেশের চিন্তার নাম ছিল নিরাপত্তা। দেশটিতে বুধবার মধ্যে রাতে পৌঁছানোর পর টাইগারদের মধ্যে থেকে সেটা অনেকটাই সরে গেছে। তারপরও বৃহস্পতিবার লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের কাছে ছুঁটে গেল এ নিয়ে প্রশ্ন। তবে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক স্পষ্ট করেই জানিয়েছেন, ব্যাপারটি নিয়ে মোটেও ভাবছেন না তিনি। সব কিছু পেছনে এ অধিনায়ক চোখ রাখছেন শুধুই জয়ে। এ ধারাবাহিকতা ধরে রেখে ট্রফিও নিজেদের কবজায় নিতে চায় তার দল।
বুধবার বাংলাদেশ সময় রাত ১০.৩০ মিনিটে লাহোরে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দর থেকে পরে কড়া নিরাপত্তা ব্যবস্থায় হোটেলে পৌঁছায় টাইগাররা। দেশটিতে সব সময় সন্ত্রাসী হামলার ভয় কাজ করে। যে কারণে এ সফরে টাইগাররা সব সময় থাকবেন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে। এমন পরিবেশে অবশ্য মাঠের ক্রিকেটে মনোযোগ দেয়া কঠিন। তবে মাহমুদউল্লাহ রিয়াদ আপাতত নিরাপত্তা নিয়ে ভাবছেন না। তিনি শুধু আজ থেকে বিকাল ৩টায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের চোখ রাখছেন। তার লক্ষ্য ভালো খেলে স্বাগতিকদের হারানো, ‘যখন আমরা সিদ্ধান্ত নিই, বোর্ড থেকে সিদ্ধান্ত নেয়া হয় আমরা এখানে খেলব। এরপর থেকে এখানকার পরিবেশ কেমন হবে সেসব চিন্তা বাদ দিয়েছি। আমার মনে হয় ঐ চিন্তা-ভাবনা থেকে সরে আসাই ভালো। আমরা শুধু এখানে ভালো খেলার জন্যই আসছি, সেটির জন্যই মুখেছি আছি।’
সবশেষবার ২০০৮ সালে পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ। সে সময় দলে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাই এখনকার উইকেট ও পরিবেশ সম্পর্কে ভালো ধারণা আছে এ ডানহাতির। তবে ব্যাপারটি মনেই আনছেন না তিনি। তার লক্ষ্য ভালো খেলে পাকিস্তানকে হারানো, ‘আমিও আগেও এখানে এসেছি। এবার অবশ্য আমরা এসেছি তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে। তাই এদিকেই মনোযোগ দিচ্ছি। আমাদের প্রধান লক্ষ্য ভালো খেলা ও পাকিস্তানকে হারানো।’
এখন পর্যন্ত বাংলাদেশ-পাকিস্তান খেলেছে ১০টি টি-টোয়েন্টি। এরমধ্যে ৮ হারের বিপরীতে টাইগারদের জয় মাত্র ২টিতে। এ দুই এ ফরম্যাটের ক্রিকেটে সবশেষবার মুখোমুখি ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। যে ম্যাচে হেরেছিল টিম টাইগার্স। সময়ের পরিবর্তে লাল-সবুজ প্রতিনিধিরা এখন সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দারুণ খেলছে। তাই তো নিজের একটু এগিয়ে রাখতেই পারে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। কিন্তু অধিনায়ক মাহমুদউল্লাহ তেমনটি মোটেও ভাবছেন না, ‘আমি এটা মোটেও বলতে পারবো না আমরা ফেবারিট কি না। কারণ আমরা অনেকদিন পর পাকিস্তানে এসেছি। তারা নিজেদের মাটিতে টি-টোয়েন্টিতে অনেক শক্তিশালি দল। আমি শুধু বলতে পারি, দল নিয়ে আশাবাদী।’
বেশ আগে থেকেই টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান। এদিক দিয়ে বাংলাদেশ অনেকটাই পেছনে। টাইগারদের র্যাংকিংয়ে অবস্থান ৯ নম্বরে। তবে মাঠের ক্রিকেটে নামার ব্যাপারটি মাথায়ই আনতে চাইছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। ‘আমরা মনে হয় না রেটিং ব্যবধান কোন প্রভাব ফেলবে। আপনি যদি এসব নিয়ে চিন্তা করেন তাহলে ম্যাচে প্রভাব পড়তে পারে। যে কারণে ব্যাপারটি নিয়ে ভাবছি না। আমাদের শেষ দুটি সিরিজের যদি চোখ রাখেন, তাহলে দেখবেন বেশ ভালো ক্রিকেট খেলেছি আমরা। সেটিরই পুনরাবৃত্তি এখানে করতে চাই আমরা। আশা করি ভালো একটি সিরিজ হবে।’
গেল বিপিএলে তরুণ ক্রিকেটাররা দারুণ পারফর্ম করেছিলেন। তাদের অনেকেই রয়েছেন পাকিস্তান সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে। মাহমুদউল্লাহও সে সব তরুণদের ওপর ভরসা রাখছেন শতভাগ। তিনি বিশ্বাস করেন শুক্রবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের এ সিরিজে তারা ভালো করবেন। শেষ পর্যন্ত সেটা পুরোপুরি ঠিকঠাক হলেই কিন্তু পাকিস্তানের মাটি থেকে ট্রফি নিয়ে ফেরাটা খুব কঠিন হবে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের জন্য।



