টেস্ট সিরিজ শেষেই দেশে ফিরেছিলেন শফিউল ইসলাম। কিন্তু আবারো দক্ষিণ আফ্রিকার পথে উড়াল দিতে হচ্ছে তাকে। মুস্তাফিজুর রহমানের ইনজুরিতেই ভাগ্য খুলে গেল এই পেসারের। এরইমধ্যে নিশ্চিত হয়ে গেছে দ্য ফিজ গোটা সফরটাই মিস করছেন। যদিও তার চোটের কী অবস্থা সেটা পুরোপুরি জানা সম্ভব হয়নি। কেপটাউনে সোমবারর স্ক্যান করানো সম্ভব হয়নি। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার সেটা হয়ে যাবে। এরইমধ্যে চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট নেওয়া হয়েছে। এরপর তার স্ক্যান করানো হবে। এ অবস্থায় টি-টুয়েন্টি সিরিজে খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবেন শফিউল।
তার আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, ‘দেখুন, মুস্তাফিজের জায়গায় শফিউল আসবে। ও ওয়ানডে না টি-টুয়েন্টির জন্য আসবে।’ যদিও প্রথম টেস্টে খেলার পর কাঁধের চোট পান এই পেসার। তারপর দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। এমন কী ওয়ানডে দলেও জায়গা মিলেনি।
বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটাই সফরে চোট পেয়েছেন। তামিম ইকবালকে ভুগছেন ঊরুর পেশির চোটে। সফরে এরইমধ্য দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডেতে দেখা যায়নি তাকে। তবে এরইমধ্যে অনুশীলন করে ফিট হওয়ার পথে এই ওপেনার। জানা গেছে বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান বুধবার সিরিজের ২য় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। হেরে গেলে সিরিজ হাতছাড়া হবে।
এদিকে মুশফিকুর রহীমকে নিয়ে দুশ্চিন্তা কেটেছে। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি এই ব্যাটসম্যান হ্যামস্ট্রিংয়ে টান নিয়ে মাঠ ছাড়েন। ফিল্ডিংয়ে দেখা যায়নি তাকে। তবে স্বস্তির খবর হল-ধাক্কা সামলে উঠেছেন তিনি। তাকে নিয়েই হবে দ্বিতীয় ওয়ানডের টাইগার একাদশ।



