ক্রিকেট ইতিহাসে দুই ভাই যখন টেস্ট খেলতে নামেন তখন ইতিহাস যেন তাদের সাদরে গ্রহণ করে। বারবারই অনন্য রেকর্ডের সঙ্গী হয়েছেন একই পরিবার থেকে উঠে আসা তারকারা। এবার যেমন আলো ছড়ালেন অস্ট্রেলিয়ার দুই ভাই শন মার্শ ও মিচেল মার্শ। সিডনি টেস্টের চতুর্থ দিনের পঞ্চম বলেই শতরান করে ফেলেন শন মার্শ। ৬৩ রান নিয়ে দিন শুরু করা মিচেল মার্শও তিন অঙ্কের ম্যাজিকেল ফিগার ছুঁয়ে ফেলেন লাঞ্চের আগেই। দুই ভাই সিডনি টেস্টে শতরান করে নাম লেখালেন রেকর্ড বুকে।
অথচ মার্শ ভাইদের একসঙ্গে এটি মাত্র চতুর্থ টেস্ট ইনিংস। এর মধ্যেই এই রেকর্ড! রান আউট হওয়ার আগে শন করেন ১৫৬, মিচেল ১০১ রান। টেস্টের একই ইনিংসে অস্ট্রেলিয়ান ভাইদের সেঞ্চুরির আগের কীর্তি ছিল স্টিভ ও মার্ক ওয়াহ’র। ২০০১ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে স্টিভ করেন ১৫৭। আর মার্কের ব্যাটে ১২০।
বিখ্যাত ওয়াহ ভাইয়েরা ১৯৯৫ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ উইকেটে খেলেন ২৩১ রানের জুটি, শতরান করেন দুজনই। যদিও অস্ট্রেলিয়ান ভাইদের সর্বোচ্চ জুটির রেকর্ড গ্রেগ ও ইয়ান চ্যাপেলের। ১৯৭৪ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় উইকেটে ২৬৪ রানের জুটি গড়েন তারা। গ্রেগ খেলেন অপরাজিত ২৪৭ রান, ইয়ান ১৪৫। এরপর সেই টেস্টের দ্বিতীয় ইনিংসেও শতরান করেন দুই ভাই! গ্রেগ ১৩৩, ইয়ান ১২১।
টেস্টে সর্বোচ্চ জুটির রেকর্ড জিম্বাবুয়ের গ্র্যান্ট ও অ্যান্ডি ফ্লাওয়ারের। ১৯৯৫ সালে হারারেতে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ উইকেটে ২৬৯ রানের জুটি গড়েন তারা। গ্র্যান্ট করেন ২০১ রান, অ্যান্ডি ১৫৬। টেস্টের একই ইনিংসে ভাইদের শতরানের রেকর্ড সর্বোচ্চ তিনবার গ্রেগ ও ইয়ান চ্যাপেলের। মুশতাক ও সাদিক মোহাম্মদ, গ্র্যান্ট ও অ্যান্ডি ফ্লাওয়ার, শন ও মিচেল মার্শ ভাইদের একটি করে। তবে তাদের ছাড়িয়ে যাওয়াটা শন আর মিচেল মার্শের পক্ষেই সম্ভব। তারা দু’জন আছেন ক্রিকেটে। অন্যরা অনেক আগেই বিদায় বলেছেন।










Discussion about this post