৬ মাস পর ক্রিকেটে ফিরে একের পর সুসংবাদ পাচ্ছেন তিনি। প্রথমে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া, এমন কী আইসিসির বর্ষসেরা টি-টুয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। মাঠের ক্রিকেটেও দীর্ঘ বিরতির ছাপ নেই।
নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজে দুটো ম্যাচেই বল সাফল্য পেয়েছেন। তার পুরস্কারটাও চটজলদি পেলেন কাটার মাস্টার। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছেছেন মুস্তাফিজ।
আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন এই টাইগার পেসার।
সিরিজের ১ম ওয়ানডেতে ক্রাইস্টচার্চে ৬২ রানে ২ উইকেট নেন। এরপর নেলসনে তৃতীয় ওয়ানডেতে ৩২ রানে ২টি উইকেট নেন। আর এর পথ ধরে র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে গেলেন তিনি।
ছয় নম্বরে আছেন অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সাকিব আল হাসান। তিনিও কিউইদের বিপক্ষে সিরিজে সাফল্য পেয়েছেন। ওয়ানডে বোলারদের শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
তাসকিন আহমেদের উন্নতি হয়েছে। আট ধাপ এগিয়ে আছেন ৭৮তম স্থানে। আবার ব্যাটিংয়ে মোসাদ্দেক ৩৭ ধাপ এগিয়ে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৩৩ স্থানে আছেন।
বলা দরকার, ওয়ানডে র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট হারালেও সাত নম্বরেই আছে বাংলাদেশ।



