আক্ষেপ পিছু ছাড়ছেই না নাঈম ইসলামের। বারবার একটুর জন্য হাত ফসকে যাচ্ছে শতরান। এবারের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে করেছিলেন ৯৫ রান। পরের ম্যাচে ৯২। তৃতীয় ম্যাচে এসে সেই নার্ভাস নাইটিনতে আউট তিনি! লিজেন্ডস অব রূপগঞ্জের তারকা সোমবার ফিরলেন ৯১ রানে। তার ৯ রানে আক্ষেপের দিনে শতরান পেলেন রকিবুল হাসান। তাদের ব্যাটে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২৬৫ রান তুলেছে সাবেক চ্যাম্পিয়নরা।
বিকেএসপির চার নম্বর মাঠে সোমবার টস জিতে ব্যাটিং নেয় রূপগঞ্জ। নির্ধারিত ৫০ ওভারে তারা তুলে ৫ উইকেটে ২৬৫ রান।
যদিও ব্যাট করতে নেমে ২০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে লিজেন্ডস রূপগঞ্জ। তারপর নাঈম-রকিবুল জবাব দিতে থাকেন। হাফ সেঞ্চুরির পর সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন দু’জন। রকিবুল ১১২ বলে পেয়ে যান শতরান। কিন্তু নাঈম আটকে যান নার্ভাস নাইনটিনে।
৮ চার ও ৩ ছয়ে লিস্ট ‘এ’ ক্রিকেট সপ্তম সেঞ্চুরির তুলেন রকিবুল। ১২১ রানে ফেরেন তিনি। খেলার ৪৫তম ওভারের চতুর্থ বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে নাহিদুল ইসলামের হাতে ক্যাচ দেন নাঈম। ১০৯ বলে ৬টি চার ও ৪টি ছয়ে ৯১ রান করেন তিনি।
নাঈম-রকিবুল গড়েন ২০০ রানের জুটি। ২১৪ বলে চতুর্থ উইকেটের জুটিতে ডাবল সেঞ্চুরি করেন তারা। ঢাকা প্রিমিয়ার লিগে চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটি ২৭৬ রানের। যা লিস্ট এ ক্রিকেটে বিশ্বরেকর্ড। প্রাইম দোলেশ্বরের হয়ে মুমিনুল হক ও রোশান সিলভা গড়েন এই রেকর্ড।
১৩ বলে ১০ রান নিয়ে চিরাগ জানি ও ১৪ বলে ১৯ রান নিয়ে অপরাজিত ছিলেন মাশরাফি বিন মর্তুজা। প্রাইম ব্যাংকের হয়ে ২ উইকেট নেন পেসার রুবেল হোসেন।



