মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করায় তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরান। পাল্টাপাল্টি হামলার জেরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়ার পাশাপাশি দুবাইয়ের পাম জুমেইরা রিসোর্ট এলাকায় হামলার ঘটনা ঘটেছে। এর ফলে নিরাপত্তা পরিস্থিতি অবনতির দিকে গেলে আমিরাতের আকাশপথ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
এই পরিস্থিতিতে দুবাইয়ে আটকা পড়েছে ইংল্যান্ড লায়নসের ২৫ সদস্যের বহর। পাকিস্তান শাহিনসের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিল ইংল্যান্ডের ‘এ’ দল। দলটির কোচিং দায়িত্বে থাকা সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ এবং উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টোসহ পুরো স্কোয়াড বর্তমানে দুবাইয়ে অবস্থান করছে। চলমান সংঘাতের কারণে তাদের ফ্লাইট বাতিল করা হয়েছে।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড লায়নস ও পাকিস্তান শাহিনসের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে। শুধু দ্বিতীয় ম্যাচই নয়, পুরো ওয়ানডে সিরিজও বাতিল করা হয়েছে। প্রথম ম্যাচে জয় পেয়েছিল ইংল্যান্ড লায়নস।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, দল ও কোচিং স্টাফদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বর্তমান পরিস্থিতিতে তারা যুক্তরাজ্য সরকার ও নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে।
একই কারণে আগামী সপ্তাহে ইংল্যান্ড নারী দলের আবুধাবি ক্যাম্পও স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সফর আয়োজনের বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে ইসিবি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেশে ফেরার আকুতি জানিয়েছেন জনি বেয়ারস্টো। তিনি অভিযোগ করেছেন, ফ্লাইট বাতিলের পর আমিরাত ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো কোনো যোগাযোগ করা হয়নি। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ার কথা উল্লেখ করে তিনি সহায়তা কামনা করেছেন। এমনকি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী খের স্টারমামের দৃষ্টি আকর্ষণ করেও মন্তব্য করেছেন তিনি, দেশে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে।









Discussion about this post