শঙ্কার অবসান ঘটলো মুশফিকুর রহিমের নিরাপদ দেশে ফিরে আসার খবরে। শনিবার সকালেই ওমরা শেষ করে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হন মুশফিক। প্রথমে তিনি দুবাই পৌঁছান, কিন্তু বিমান চলাচল বন্ধ হওয়ায় ঢাকার পথে যাওয়া স্থগিত হয়ে জেদ্দায় ফিরতে হয়। জেদ্দার এয়ারপোর্টে অবস্থান করতে থাকেন এই উইকেটরক্ষক ব্যাটার।
মুশফিক আটকা পড়ার খবর পাওয়ার পর পরিবার ও ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তখন ব্যবস্থা নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যিনি মুশফিককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেন এবং তার নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে সব মহলে যোগাযোগ রাখেন।
১ মার্চ মুশফিকের দেশে ফেরার পথে তার নিরাপত্তা নিশ্চিত হওয়ার খবরে সবাই স্বস্তি পায়। একই দিন মধ্যরাতে মুশফিক নিজেই ফেসবুকে নিশ্চিত করেন, তিনি দেশের পথে রওয়ানা হয়েছেন। এরপর আজ মুশফিক নিরাপদে দেশে পৌঁছান। এই তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডি।
ফেসবুকে দেওয়া বার্তায় মুশফিকের স্ত্রী লিখেছেন, “আলহামদুলিল্লাহ মুশফিক নিরাপদে বাড়ি পৌঁছেছে। আল্লাহ সুবহানাতায়ালা তার জন্য সব কিছু সহজ করে দিয়েছেন। যারা চিন্তিত ছিলেন এবং আমাকে মানসিক সমর্থন দিয়েছেন সবাইকে ধন্যবাদ। আমরা দোয়া করি যেন বিশ্বের পরিস্থিতি শান্ত হয়ে যায়, দ্রুত সব ঠিক হয়ে যায়, ইনশাআল্লাহ।”
মুশফিকুর রহিমের নিরাপদ প্রত্যাবর্তনের খবরে পরিবার, ভক্ত ও দেশের ক্রিকেটপ্রেমীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। স্ত্রীর কৃতজ্ঞতা ও শান্তির বার্তা আবারো মানুষের হৃদয়ে সহমর্মিতা এবং দোয়ার আহ্বান জাগিয়েছে।










Discussion about this post