লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বাংলাদেশি ক্রিকেটারদের দিনটা ছিল ভিন্ন দুই গল্পের। একদিকে টানা দ্বিতীয় ম্যাচেও ব্যাটে-বলে প্রত্যাশা পূরণ করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে অভিষেক ম্যাচেই দুই উইকেটের দেখা পেয়েছেন হাসান মাহমুদ, যদিও তার দলকে জয়ের মুখ দেখাতে পারেননি। দিনের শেষভাগে আবার জাফনা কিংসের জার্সিতে বল হাতে ভালো সূচনা করেছেন সাকিব আল হাসান।
কলম্বো ক্যাপসের বিপক্ষে গল গ্যালান্টসের পাঁচ উইকেটের জয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মিরাজ। শুরুটা ছিল বেশ আত্মবিশ্বাসী। প্রথম দুই বলেই দুটি দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকিয়ে আক্রমণাত্মক ইঙ্গিত দেন তিনি। প্রথম তিন বল থেকেই তুলে নেন ১০ রান। তবে সেই ছন্দ ধরে রাখতে পারেননি। বাঁহাতি স্পিনার ওয়ানুয়া সাহানের বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দিলে ৯ বলে ১৩ রানেই শেষ হয় তার ইনিংস।
আগের ম্যাচে নতুন বলে খরুচে বোলিং করার পর এদিন মিরাজকে একবারও বল হাতে ব্যবহার করেনি গল। ফলে ব্যাটিংয়েই নিজেকে প্রমাণের সুযোগ ছিল, সেটিও বড় ইনিংসে রূপ দিতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার।
প্রথমে ব্যাট করে কুসাল মেন্ডিসের ৫৩ বলে ৭৯ এবং বেন ম্যাকডারমটের ৩৪ বলে ৫৭ রানে ভর করে ১৮৯ রান তোলে কলম্বো ক্যাপস। গলের হয়ে চার উইকেট নেন পাকিস্তানি পেসার আকিফ জাভেদ।
১৯০ রানের লক্ষ্য তাড়ায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন হাসান মাহমুদ। নিজের প্রথম ওভারেই লাসিথ ক্রুসপুলকে ফিরিয়ে অভিষেক রাঙান এই পেসার। পরে দ্বিতীয় স্পেলে চারিথ আসালাঙ্কাকেও আউট করেন তিনি। তবে দুই উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে। ২.২ ওভারে ৩১ রান দিয়ে দুই উইকেট নেন হাসান। শেষ ওভারে ৪ রান রক্ষার দায়িত্বও পান তিনি। কিন্তু সাহান আরাচ্চিগের বাউন্ডারিতে চার বল হাতে রেখেই জয় নিশ্চিত করে গল গ্যালান্টস।
গলের জয়ের নায়ক ছিলেন স্যাম হার্পার। ৪৫ বলে ৬৫ রানের ইনিংসে রান তাড়ার ভিত্তি গড়ে দেন তিনি। শেষদিকে সাহান আরাচ্চিগে ১৬ বলে অপরাজিত ৩৮ এবং মোহাম্মদ নাওয়াজ ৬ বলে অপরাজিত ১৬ রান করে দলের জয় নিশ্চিত করেন। টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করেছে গল।
এদিকে মেজর লিগ ক্রিকেট শেষ করে এলপিএলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে জাফনা কিংসের হয়ে আসরের প্রথম ম্যাচেই বল হাতে আক্রমণে নামেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে নিয়ে সাহিবজাদা ফারহান ও দিনেশ চান্দিমালের বিপক্ষে মাত্র ৪ রান দেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। এতে জাফনার হয়ে তার এলপিএল অভিযান শুরু হয়েছে নিয়ন্ত্রিত বোলিং দিয়ে।










Discussion about this post