আহমেদাবাদে দাপুটে জয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তারা। একই সঙ্গে এটি ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড তৃতীয় শিরোপা। ঘরের দর্শকদের সামনে জয়ের পর উচ্ছ্বাসে মেতে ওঠেন গৌতম গম্ভীরের শিষ্যরা।
বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে ভারত। এবারের আসরের জন্য মোট প্রায় ১৬০ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
চ্যাম্পিয়ন দল হিসেবে ভারতের ঘরে উঠেছে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা। আগের আসরের তুলনায় এবারের পুরস্কারের অঙ্কও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
২০২৪ সালের বিশ্বকাপে শিরোপা জিতে ভারত পেয়েছিল প্রায় সাড়ে ২৯ কোটি টাকা। সে তুলনায় এবার প্রায় সাত কোটি টাকা বেশি পেয়েছে সূর্যকুমার যাদবদের দল। ফলে বিশ্বকাপ জয়ের আনন্দের পাশাপাশি আর্থিক দিক থেকেও বড় সাফল্য পেয়েছে তারা।
ফাইনালে হেরে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ডও পেয়েছে বড় অঙ্কের অর্থ পুরস্কার। পরাজিত দল হিসেবে তাদের প্রাপ্তি সাড়ে ১৯ কোটি টাকা। এছাড়া সেমিফাইনালে বিদায় নেওয়া প্রতিটি দল পেয়েছে ৯ কোটি ৬৩ লাখ টাকা করে। সুপার এইট পর্বে অংশ নেওয়া দলগুলোর প্রত্যেকের হিসাবে জমা হয়েছে ৪ কোটি ৬৩ লাখ টাকা করে। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পেয়েছে ৩ কোটি টাকা করে।










Discussion about this post