ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলেছেন কয়েকদিন আগেই। এখন ব্যস্ত ত্রি-দেশীয় সিরিজ নিয়ে। তবে সাকিব আল হাসানের চোখ বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর বাংলাদেশের অলরাউন্ডার জানিয়েছেন, বিশ্বকাপে দৃষ্টি রেখেই এগোচ্ছে তার প্রস্তুতি।
আয়ারল্যান্ড যাওয়ার আগে টাইগারদের বিশ্বকাপ ক্যাম্পে ছিলেন না সাকিব। আইপিএলেই নিয়েছিলেন প্রস্তুতি। কাজ করেছেন ফিটনেস নিয়েও। ওজন কমিয়ে আগের চেয়ে ফিট হয়েছেন অনেক। কাজ করেছেন ব্যাটিং ও বোলিং স্কিল নিয়ে। তার প্রতিফলন পড়ছে মাঠে। আয়ারল্যান্ডে প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং ও বোলিং করেছিলেন। ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচে তিনিই জয়ের নায়ক।
ত্রি-দেশীয় সিরিজকে সাকিব বেঁচে নিয়েছেন বিশ্বকাপের প্রস্তুতির জন্য, ‘বিশ্বকাপ নিয়ে ফোকাস অবশ্যই আছে। একটা চোখ তো বিশ্বকাপে আছেই। ওভাবেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি গত এক-দেড় মাসে। শুরুটা ভালো হলো এখানে। এখানকার আত্মবিশ্বাস অবশ্যই ইংল্যান্ডে কাজে লাগবে। বিশ্বকাপ অনেক কঠিন। আমাদের সবাইকে খুব ভালো ও আত্মবিশ্বাসী অবস্থায় থাকতে হবে।’
মঙ্গলবার ত্রি-দেশীয় সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবের পারফরম্যান্স ছিল সেরা হওয়ার মতোই। বোলিংয়ে তার লাইন-লেংথ ছিল প্রায় নিখুঁত, গতি বৈচিত্র ছিল বুদ্ধিদীপ্ত। যখন বোলিংয়ে এসেছিলেন, ওয়েস্ট ইন্ডিজ খেলছিল দাপটে। তিনি টেনে ধরেছেন রাশ। যখন জুটি গড়ে তুলছে ক্যারিবিয়ানরা, তখনও সাকিবের বোলিং ভুগিয়েছে তাদের। ১০ ওভারে ৩৩ রান দিয়ে নেন ১ টি উইকেট।
এদিকে ব্যাট হাতেও দাপট দেখান সাকিব। করেন ৬১ বলে অপরাজিত ৬১ রানের ম্যাচ জয়ী ইনিংস।



