ফর্মের চূড়ায় থেকে ছন্দপতন দেখতে হয়েছে তাকে। অভিষেকের পর ম্যাজিক ক্রিকেট দিয়ে মুস্তাফিজুর রহমান উঠে এসেছিলেন সাফল্যের আকাশে। কিন্তু ইনজুরিতে পড়ে সব শেষ। অস্ত্রোপচারের পর বল হাতে একেবারে সাদামাটা এখন কাটার মাস্টারের দেখা মিলছে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও কোন অস্ত্র নেই দ্য ফিজের। উল্টো এবার দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরিতে পড়লেন তিনি। যা কীনা ক্যারিয়ারকেই কোনাঠাসা করে দিল। বলা হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মিস করতে পারেন এই পেসার।
গত আসরেও ইনজুরির কারণে খেলতে পারেন নি। এবার হয়তো অ্যাঙ্কেলের চোট নিয়ে মাঠের বাইরে থাকতে হবে তাকে। বৃহস্পতিবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আতঙ্কের কথাই শোনালেন, ‘অ্যাঙ্কেল স্প্রেইন খুব খারাপ ধরনের ইনজুরি। পর্যাপ্ত পুনর্বাসন না হয়ে যদি মুস্তাফিজ খেলায় ফেরে, তাহলে ভবিষ্যতে এই ইনজুরি আবার ফিরে আসতে পারে। আমরা চাইব ও পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসুক। এজন্য যদি বিপিএলের কিছু ম্যাচ যদি মিস করতে হয়, তাহলে আওকে মেনে নিতে হবে।’
তবে ফেরার লড়াাইটা শুরু করে দিয়েছেন মুস্তাফিজ। কিছুটা উন্নতিও হয়েছে তার। বিসিবির চিকিৎসক জানালেন, ‘গতকাল থেকে আমরা ফিজিওথেরাপি শুরু করেছি। প্রথম দিনের পর ওর উন্নতি বেশ ভাল। ফোলা অনেকটাই কমে গেছে। ওর রেগুলার ফিজিওথেরাপি ও কিছু ব্যায়াম চলবে। দুই সপ্তাহ পর আমরা ওকে রিভিউ করবো। তারপর পরবর্তী ম্যানেজমেন্ট প্ল্যান ঠিক করা হবে।’
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন এই ইনজুরি কাটাতে মাসখানেক সময় লাগবে মুস্তাফিজের। তারপর মাঠে ফিরেই বিপিএল খেলা ঠিক হবেনা বলেই মনে করছেন তিনি। কারণ ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের পঞ্চম আসর। মুস্তাফিজের রাজশাহী কিংসে খেলার কথা রয়েছে। কিন্তু এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট হয়তো মাঠের বাইরে বসেই দেখতে হবে মুস্তাফিজকে।



