পাকিস্তান ক্রিকেটে সমালোচনার ঝড় যেন থামছেই না। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দল ও টিম ম্যানেজমেন্টকে ঘিরে চলমান সমালোচনার মধ্যেই আবারও আলোচনার কেন্দ্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করার পর বোর্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। বিশেষ করে দল থেকে বাবর আজমকে বাদ দেওয়ার সিদ্ধান্তে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।
নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ইউসুফ লিখেছেন, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমকে দলে নেওয়াটাই ছিল অবাক করার মতো। এবার তাকে বাদ দেওয়া হয়েছে। যদি এটি কেবল বিশ্রামের সিদ্ধান্ত না হয়, তাহলে বিষয়টি সত্যিই চমকে দেওয়ার মতো। এমন ‘আজেবাজে সিদ্ধান্ত’ কারা নিচ্ছে, সেটিও প্রশ্ন তুলেছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলে নেতৃত্ব দেবেন পেসার শাহিন শাহ আফ্রিদি। এই সিরিজে বাবর আজমের পাশাপাশি দলে জায়গা হয়নি ওপেনার ফকর জামানও। হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা ফখর বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
বাংলাদেশ সিরিজকে সামনে রেখে পাকিস্তান দলে জায়গা পেয়েছেন ছয় নতুন ক্রিকেটার, যাদের মধ্যে একমাত্র সাইয়ুম আইয়ুব আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা রাখেন। বাকি পাঁচ ক্রিকেটার-আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ ও শামাইল হোসেন এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন। তাঁদের কয়েকজন সম্প্রতি পাকিস্তান শাহিনস দলে খেলেছিলেন এবং আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সিরিজে অংশ নেন। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে পাকিস্তান শাহিনস ও ইংল্যান্ড লায়ন্সের সেই সিরিজের বাকি অংশ বাতিল হয়ে যায়।
বিশ্বকাপ ব্যর্থতার ধাক্কাও এখনো কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। সুপার এইট পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও প্রয়োজনীয় ব্যবধানে জিততে না পারায় সেমিফাইনালে উঠতে পারেনি দলটি। ওই ম্যাচে পাকিস্তান জিতেছিল মাত্র ছয় রানে, যেখানে সেমিফাইনালে উঠতে হলে ৬৫ রানে জিততে হতো। সেই টুর্নামেন্টে পাকিস্তান দলের নেতৃত্বে ছিলেন সালমান আগা।
বিশ্বকাপ ব্যর্থতার পর নির্বাচক কমিটি থেকেও এসেছে বড় পরিবর্তন। পাকিস্তানের সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আলিম দার নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে আলোচনায় নিজেকে উপেক্ষিত মনে করছিলেন আলিম দার।
এদিকে বাংলাদেশ সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সূচি অনুযায়ী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা। পাকিস্তান দলের ৮ মার্চ বাংলাদেশে আসার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সফর নিয়ে সংশয় দেখা দিয়েছে।










Discussion about this post