লিগ বর্জনের ঘোষণা নিয়ে একের পর এক উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত পিছিয়ে যাওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগ ১৪ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে পরিচালিত ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম) আগেই ১১ ডিসেম্বর লিগ শুরুর সিদ্ধান্ত জানালেও মাঠসংক্রান্ত সমস্যার কারণে পরিকল্পনা বদলাতে বাধ্য হয়েছে।
সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১১ তারিখ থেকে আমাদের প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। মাঠের একটু ঝামেলা হওয়ায় আগাম ১৪ তারিখ থেকে আমরা লিগ শুরু করছি। আজকের মধ্যেই আমরা সূচি প্রকাশ করব এবং চেষ্টা করা হচ্ছে উদ্বোধনী ম্যাচটা মিরপুর স্টেডিয়ামে করার জন্য।’
এর আগে অক্টোবরের বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে সরকারি হস্তক্ষেপসহ একাধিক অভিযোগ তুলে ৪৩টি ক্লাব লিগ বর্জনের ঘোষণা দেয়। পরে তাদের সঙ্গে আরও দুই ক্লাব যুক্ত হয়। ১৮ নভেম্বর লিগ শুরুর প্রস্তুতি নিয়েও সিসিডিএমকে থমকে যেতে হয়, কারণ দলবদলে অংশ নেয়নি বর্জনকারী আটটি ক্লাব। কয়েক দফা আলোচনা, কোয়াবের মধ্যস্থতা-কোনোটিই কাজ না করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। তবুও খেলা চালিয়ে নিতে বাধ্য হয়ে সিসিডিএম ১২ দলকে নিয়েই লিগ আয়োজনের সিদ্ধান্ত নেয়।
লিগ বর্জনের ঘোষণা থাকলেও অফিসিয়ালি বিসিবি বা সিসিডিএমের কাছে এখনো কোনো ক্লাব চিঠি দেয়নি। ফলে আয়োজক সংস্থা বাধ্য হয়েছে ২০ দলকে রেখেই সূচি প্রস্তুত করতে। সূচিতে রাখা হয়েছে সূর্যতরুণ, ওরিয়েন্ট, আম্বার স্পোর্টিং, পারটেক্স স্পোর্টিং, কাকরাইল বয়েজ, খেলাঘর, কলাবাগান ও গাজী টায়ার্স ক্লাবকেও। এ প্রসঙ্গে আদনান দীপন বলেন, ‘দেখুন, আমরা তো আনুষ্ঠানিকভাবে ২০টা দলই ধরে রাখব। কারণ আমরা এই ধরনের (লিগ বর্জন) মৌখিক বার্তা পাচ্ছি। আমরা সূচি প্রকাশ করছি ২০টা দলকে নিয়েই।’
তিনি আরও যোগ করেন, ‘প্রথমত এ ধরনের কোন চিঠি আমরা কোন ক্লাবের কাছ থেকে পাইনি। আমি কিন্তু বারবার বলছি আমরা ২০টা ক্লাবকে নিয়ে সূচি প্রকাশ করছি। বিসিবি কিংবা সিসিডিএম কারও কাছেই এমন কোন চিঠি আসেনি। মোহামেডান যেটা প্রতিবাদ করেছে সেটা কিন্তু সভাপতির কথার উপরে…তারা লিগ খেলবে কি খেলবে না এরকম কোন নেতিবাচক চিঠি আমরা পাইনি।’
বর্জনকারী ক্লাবগুলো এখনও নির্দিষ্টভাবে অবস্থান না জানানোয় শাইনপুকুর, উত্তরা ক্রিকেট ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, লালমাটিয়া, বসুন্ধরা রাইডার্স, প্রাইম দোলেশ্বর, ওল্ড ডিওএইচএস, ঢাকা স্পার্টানস, ব্লুজ ক্রিকেটার্স, বারিধারা ড্যাজেলস এবং বিকেএসপিসহ বাকি দলগুলোকে নিয়েই লিগ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সিসিডিএম।










Discussion about this post