ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
রোমাঞ্চকর এক ম্যাচের মঞ্চ তৈরি। মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে লড়বে ফ্রান্স-বেলজিয়াম। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে এই লড়াই। তার আগে ফরাসিদের চোখে চোখ রেখে কথা বলছে বেলজিয়াম। এবারের বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ফুটবলের পসরা সাজিয়েছে ইউরোপের এই দলটি। দ্বিতীয় রাউন্ডে দুই গোলে পিছিয়ে পড়েও জাপানকে হারিয়েছিল ৩-২ ব্যবধানে। এরপর কোয়ার্টার-ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বড় চমক দেখায় তারা!
এ অবস্থায় বেলজিয়াম কোচ রর্বাতো মাটিনেজ আরেকটি জয়ের অপেক্ষায়। যেমনটা বলছিলেন তিনি, ‘আমরা যদি নিজেদের মধ্যে ভয় নিয়ে খেলি, তাহলে আমরা নিজেরাই নিজেদের শেষ করে দিবো। আমার মনে হয় একমাত্র ভয় ছাড়া খেলাই মনে হয় আমাদের এগিয়ে রাখবে।’
ফ্রান্সের সেরা তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে নিয়ে সতর্ক বেলজিয়াম। দলের ডিফেন্ডার টমাস ভারমালেন জানিয়ে রাখলেন, ‘কাউন্টার অ্যাটাকে এমবাপে অসাধারন এক ফুটবলার। ওকে আটকানোটা সহজ নয়।’ সঙ্গে অ্যান্তোনিও গ্রিজম্যানকে সামাল দেওয়া সহজ হবে না। ফ্রান্সের গতি আটকাতে সেরাটা দিয়েই লড়তে হবে তাদের।
এনিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বেলজিয়াম। ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল তারা। আর এবার ভিন্ন পরিস্থিতি। বেলজিয়াম সবশেষ ২৩ ম্যাচ অপরাজিত রয়েছে। আবার এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৪টি গোল করেছে বেলজিয়াম।
অন্যদিকে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। সেমিফাইনালে আগের ৫ লড়াইয়ের তিনটিতেই হেরে গেছে তারা। এর আগে ফ্রান্স-বেলজিয়াম ৭৩ বার মুখোমুখি হয়েছে। ফরাসিদের জিতেছে ২৪টি ম্যাচ। বেলজিয়াম ৩০টি। ১৯টি ম্যাচে ড্র হয়েছে!


