সংসার বড় রহস্যের মায়াজাল! এখানে মানিয়ে নেওয়া চাট্টিখানি কথা নয়। তাইতো অনেকের জীবনেই আসে বিচ্ছেদের সুর। ভেঙ্গে যায় সাজানো সংসার। এই যেমন ইমরান খান। ভালবেসে বিয়ে করেছিলেন ব্রিটিশ ধনকুবেরের মেয়ে জেমিমাকে। সংসারের দুই সন্তানও আসল। কিন্তু একী! এরপর হঠাৎ বিনা মেঘে বজ্রপাত। ২০০৪ সালে ভেঙ্গে গেল সংসার।
দীর্ঘ সময় পেরিয়ে ফের বিয়ে করেছিলেন পাকিস্তানি এই ক্রিকেট কিংবদন্তি। কিন্তু এবারো সেই বালির বাধের মতো ভেঙ্গে গেল সব প্রতিশ্রুতি, ভালবাসা!
ফের বিয়ে ভাঙল ইমরানের। এইতো এ বছরের জানুয়ারিতে আয়োজন করে রেহাম খানকে বিয়ে করেছিলেন তিনি। সংসারের বয়স মাত্র ১০ মাস। কিন্তু তাতেই এক ঘরে থাকার শ্রদ্ধাটুকু হারিয়ে ফেললেন দু’জন।
টুইটারে দু’জন জানিয়ে দিলেন, ”মতের মিল হচ্ছে না। আমরা আর একসঙ্গে নেই।”
জানা গেছে- ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক–ই–ইনসাফের সঙ্গে ক্রমশ জড়িয়ে পড়ছিলেন বিবি রেহান। সেটা ঠিকঠাক পছন্দ হয়নি বিশ্বকাপ জয়ী অধিনায়কের। এভাবেই মতের অমিল শুরু!
তাইতো ইমরান স্পষ্ট জানিয়ে দিলেন, সব শেষ। এনিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলতে চান না ৬২ বছরের এই সুর্দশন ক্রিকেটার। ৪২ বছর বয়সী রেহামের সঙ্গে আর কোন সম্পর্ক নেই তার!






