বিপিএলের নতুন মৌসুম মাঠে গড়ানোর আগে চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে আবারও দেখা দিয়েছিল আর্থিক অনিশ্চয়তার আলোচনা। ফ্র্যাঞ্চাইজিটির ফি ও ব্যাংক গ্যারান্টি পরিশোধ করা হয়েছে কি না, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বিভিন্ন মহলে। গত আসরেই ক্রিকেটার ও স্টাফদের বকেয়া বেতন নিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম। এবার মালিকানা পরিবর্তনের পরও সংশয় কাটেনি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে নানা খবর প্রকাশিত হলে অবস্থান স্পষ্ট করতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির দেওয়া বিবৃতি অনুযায়ী, চট্টগ্রাম রয়্যালস নিয়ম অনুযায়ী সব আর্থিক প্রক্রিয়া সম্পন্ন করেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী প্রত্যেক দলকে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে ২ কোটি টাকা এবং ব্যাংক গ্যারান্টি হিসেবে ১০ কোটি টাকা জমা দিতে হয়। বোর্ড জানায়, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি উভয় অর্থই পরিশোধ করেছে এবং তা যথাযথ নথিপত্রসহ বিসিবির নিকট জমা রয়েছে। যেহেতু গণমাধ্যমে বিপরীতধর্মী খবর প্রচার হচ্ছিল, তাই নিশ্চিত তথ্য প্রচারের অনুরোধ জানিয়েছে দেশের ক্রিকেট পরিচালন সংস্থা।
চট্টগ্রামকে ঘিরে আলোচনার আরেকটি কারণ ছিল মেন্টর হাবিবুল বাশারের আকস্মিক সরে দাঁড়ানো। নিয়োগ পাওয়ার কিছুদিনের মধ্যেই তিনি পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়েন। এতে দলকে ঘিরে নতুন করে প্রশ্ন তৈরি হয়। অবশেষে তার জায়গায় মেন্টর হিসেবে দায়িত্ব পান তুষার ইমরান। দলের পরিকল্পনা ও গঠন প্রক্রিয়ায় তিনি এখন মূল নেতৃত্বে।
নতুন মৌসুমের জন্য চট্টগ্রাম রয়্যালস গঠন করেছে ভারসাম্যপূর্ণ ও অভিজ্ঞতায় ভরপুর একটি দল। সরাসরি চুক্তিতে দলে এসেছে শেখ মেহেদী, তানভির ইসলাম ও আবরার আহমেদ। নিলাম থেকে দলে নেওয়া হয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ মূল্য পাওয়া ক্রিকেটার নাইম শেখকে, যাকে কিনতে ব্যয় হয়েছে এক কোটি ১০ লাখ টাকা।
এছাড়া শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, জিয়াউর রহমান, আরাফাত সানি, নিরোশান ডিকওয়েলা ও অ্যাঞ্জেলো পেরেরার মতো ক্রিকেটারদের নিয়ে দলটি নিজেদের শক্তিশালী স্কোয়াড গঠন করেছে।
বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে। এরপর চট্টগ্রাম ও ঢাকায় আরও ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ৩৪টি ম্যাচে ছয় দল লড়বে শিরোপার জন্য, যার নিষ্পত্তি হবে ২৩ জানুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এবারের আসরে পুরোনো দুই দল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সসহ অংশ নিচ্ছে সিলেট টাইটানস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস।










Discussion about this post