বোলারদের প্রস্তুতিটা কিছুতেই ভাল হল না। দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের পর এবার পরীক্ষায় ব্যর্থ তারা। স্বাগতিক দলের ব্যাটসম্যানদের সাজঘরে পাঠাতে বেগ পেতে হয়েছে শফিউল ইসলাম আর তাসকিন আহমেদদের। তিনদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে লেখার সময় লিড নিয়েছে স্বাগতিকরা। তারা ৮ উইকেটে ৩১৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। এরপর ২য় ইনিংসে নেমে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ৬ রান।
আগের দিন ১ উইকেটে ২১ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। এর আগে তিনদিনের ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে ৩০৬ রান করে ইনিংস ঘোষণা করেছিল। গতকাল সকালেই অবশ্য সাফল্য পেয়েছিলেন বোলাররা। ৩৬ রানের মধ্যে আরো ২ উইকেট তুলে নেন তারা। ইয়াসিন ভালিকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন শুভাশিষ রায়। তারপর ডু প্লয়কে কিপার লিটন দাসের হাতে ক্যাচ বানান পেসার শফিউল ইসলাম। দলীয় ৮৯ রানে পড়ে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের চতুর্থ উইকেট।
বাংলাদেশের হয়ে শফিউল নেন দুটি উইকেট। একটি করে শিকার তাসকিন, তাইজুল, মেহেদী, শুভাশিষ ও মুস্তাফিজের।
আগামী ২৮ সেপ্টেম্বর সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে দুটি টেস্ট ছাড়াও স্বাগতিকদের সঙ্গে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা



