ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরের ব্যর্থতা মুছে ফেলে নতুন উদ্যেমে ফিরতেই ঘরের মাঠে গেল আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রি-দেশিয় সিরিজে খেলেননি তামিম ইকবাল। তবে এ বাঁহাতি চেয়েছিলেন ভারত সফর দিয়ে চেনা পরিবেশে ঝড় তুলতে। এজন্য অনুশীলনে তিনি ছিলেন চনমনে। কিন্তু পারিবারিক কারণে হঠাৎ করেই এ তারকা ফের নিজেকে সরিয়ে নিলেন জাতীয় দল থেকে। মানে আসন্ন ভারত সফরে যাওয়া হচ্ছে না চট্টগ্রামের এ ওপেনারের। এরইমধ্যে ব্যাপারটি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েও দিয়েছেন। যদিও দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
কয়েকদিন আগেই সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই বিসিবি’র কাছে ছুটি চেয়েছিলেন তামি। তবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি অপেক্ষায় ছিল বাস্তব অবস্থা দেখার। কিন্তু তার আগেই শনিবার ড্যাশিং এ ওপেনার নিজেই ভারত সফর থেকে সরে দাঁড়ালেন। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য এখনই তামিমের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। চাইছেন আরেকটু সময় নিতে, ‘আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করছিলাম, এখনই নিশ্চিত করে কিছু বলছি না। তবে পারিবারিক কারণ কিছু থাকলে তো আসলে আর করার কিছু নেই। সেটি আমাদেরকে বিবেচনা করতেই হবে।’
এরআগে তামিমের স্ত্রী আশেয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম পেজ থেকে যায়, তাদের ঘরে আসছে দ্বিতীয় সন্তান। মূলত এরপর থেকেই তামিম ইকবাল বোর্ডের কাছে ছুটির জন্য আবেদন করেছিলেন। তারপরও তিনি আশা করেছিলেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও একটি টেস্ট খেলতে পারবেন। কিন্তু বাস্তবতা তাকে সে সুযোগ দিচ্ছে না।
সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে দুই-তিন দিনের মধ্যেই ব্যাংকক উড়বেন তামিম। অন্তত দুই-তিন সপ্তাহ সেখানেই থাকবেন তিনি। যে কারণে প্রথমবার বাংলাদেশের পূর্ণাঙ্গ ভারত সফরে যেতে পারছেন না চট্টগ্রামের ড্যাশিং এ ওপেনার। বিরাট কোহলির বিপক্ষে তার মতো একজন তারকা ব্যাটসম্যানের অভাব যে টাইগারদের বেশ ভোগাবে তা কিন্তু নিশ্চিত করে বলায় যায়।



