ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকায় পাকিস্তান সফরে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান। তবে এ অলরাউন্ডের মনটা কিন্তু ঠিকই পড়ে আছে মাঠে। এজন্য যেখানেই যান তার মুখে লেগে থাকে বাংলাদেশের ক্রিকেটের কথা। বুধবার ঢাকায় একটি অনুষ্ঠানে হাজির হয়েও তিনি শোনালেন তেমন কিছুই। এরমধ্যে আবার জানিয়ে দেন এবার পাকিস্তান সফরে ভালো করবে টিম বাংলাদেশ। এজন্য তিনি সতীর্থদের শুভকামনা জানিয়েছেন।
এবার তিনধাপে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। আজ রাতেই টি-টোয়েন্টি খেলতে সেখানে যাচ্ছে টিম টাইগার্স। তার আগে
সতীর্থদের এ সফরে শুভকামনা জানিয়েছেন সাকিব, ‘একটা জিনিসের সঙ্গে যখন আপনার অনেক দিনের সম্পৃক্ততা থাকবে তখন আপনার পছন্দের হোক বা অপছন্দের হোক, আপনি চান কিংবা না চান আপনি সেটাকে মিস করবেন। এটা খুবই স্বাভাবিক। আমার ক্ষেত্রেও অস্বাভাবিক কিছু না।’
শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুকি হবে বাংলাদেশ। এরপর ২৬ ও ২৭ জানুয়ারি সেখানেই অনুষ্ঠিত হবে শেষ দুটি ম্যাচ। তার আশা, ভালো একটা ফলাফল নিয়ে দেশে ফিরবেন তামিম-রিয়াদরা, ‘যারা খেলতে যাচ্ছে তাদের জন্য শুভ কামনা। আশা করি ভালো ফলাফল আর ঠিকঠাক ভাবে দেশে ফিরবে। শ্রীলঙ্কা যখন লাস্ট টাইম গেল তখন ৩-০ তে সিরিজ জিতে এসেছে পাকিস্তানের সঙ্গে। তাই আমাদেরও ভালো রেজাল্ট করা উচিৎ।’



