পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ১১ রানের জয় তুলে নিয়ে সিরিজ জয়ের আনন্দের মধ্যেই এসেছে আরও একটি সুখবর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
সিরিজ শুরুর সময় বাংলাদেশের অবস্থান ছিল দশ নম্বরে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতির সম্ভাবনা ছিল, আর সেই লক্ষ্যই পূরণ করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। নিজেদের মাঠে শাহিন শাহ আফ্রিদির পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে তিনটি রেটিং পয়েন্ট যোগ করেছে বাংলাদেশ। ফলে তাদের মোট রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৭৯।
বাংলাদেশের এই উন্নতির ফলে এক ধাপ নিচে নেমে দশ নম্বরে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট এখন ৭৭। পাকিস্তান সিরিজের আগে দুই দলের রেটিং পয়েন্টের ব্যবধান ছিল মাত্র এক পয়েন্ট। সর্বশেষ সিরিজ জয়ের পর সেই ব্যবধান আরও বেড়েছে।
এর আগে গত অক্টোবরে নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। তবে তখনও র্যাঙ্কিংয়ে দশ নম্বরেই ছিল টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর অবশেষে সেই বাধা কাটিয়ে এক ধাপ ওপরে উঠতে পারল দলটি।
বাংলাদেশের কাছে সিরিজ হারলেও ওয়ানডে র্যাঙ্কিংয়ের চতুর্থ অবস্থান ধরে রেখেছে পাকিস্তান। তবে তাদের রেটিং পয়েন্ট কমে ১০৫ থেকে দাঁড়িয়েছে ১০২-এ। সিরিজের প্রথম ম্যাচে আট উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ১২৮ রানের বড় জয় তুলে নিয়ে সমতায় ফিরেছিল সফরকারীরা। কিন্তু শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে সিরিজ হাতছাড়া করতে হয়েছে তাদের।
এই জয় বাংলাদেশের জন্য শুধু সিরিজ সাফল্যই নয়, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার লড়াইয়েও গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে বিশ্বকাপে। এ ছাড়া র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলও সরাসরি অংশ নেবে আসরে। আগামী বছরের ৩১ মার্চ প্রকাশিত র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত হবে কোন দলগুলো সরাসরি বিশ্বকাপে খেলবে।
স্বাগতিক হিসেবে নামিবিয়াও সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। তবে দক্ষিণ আফ্রিকা যদি র্যাঙ্কিংয়ের শীর্ষ আটের মধ্যে থাকে, তাহলে নবম স্থানে থাকা দলটিও সরাসরি সুযোগ পাবে। সে হিসেবে অন্তত সেরা নয়ের মধ্যে থাকাটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে হারিয়ে আপাতত সেই অবস্থানেই উঠে এসেছে টাইগাররা।










Discussion about this post