বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক কাজ সামলাচ্ছেন দৃঢ় মনোভাব নিয়ে। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট সেঞ্চুরি করা এই সাবেক অধিনায়ক শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন, আর তারপর থেকেই সময় পাচ্ছেন না একটু থেমে দাঁড়ানোরও।
বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনায় বসা, যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ-সব মিলিয়ে দিন গড়িয়ে গেছে ক্রিকেট উন্নয়নের ভাবনায়। বয়সভিত্তিক দল থেকে শুরু করে ঘরোয়া লিগ পর্যন্ত বিস্তৃত তার পরিকল্পনার পরিধি।
এই ব্যস্ত কর্মসূচির মাঝেই একটুখানি বিরতি নিতে চলেছেন বুলবুল। পরিবার অস্ট্রেলিয়ায় বসবাস করলেও দেশের প্রয়োজনে অনেক দিন পর বাংলাদেশে ফিরেছেন তিনি। তবে এবারের ঈদুল আযহা পরিবারের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার রাতেই তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন।
তবে ঈদের পর আর বেশি দেরি করবেন না তিনি। আইসিসির একটি আন্তর্জাতিক সভায় অংশ নেওয়ার পরপরই ফের ঢাকায় ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।



