করোনার সময়ে ক্রিকেট খেলা সহজ নয়। সতর্ক থাকলেও স্বস্তি মিলছে না। দুদিন আগে খালেদ মাহমুদ সুজন দিয়েছিলেন সুখবর। জানিয়েছিলেন দল ফিরছে অনুশীলনে। কিন্তু তা স্থায়ী হলো না। বাংলাদেশ টেস্ট দলের কোয়ারেন্টাইনের সময় বাড়ানো হয়েছে। অনুশীলন সাময়িক স্থগিত করা হয়েছে টাইগারদের। নিউজিল্যান্ডের সরকারের নির্দেশে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বাংলাদেশ দলের অপারেশন ম্যানেজার নাফিস ইকবাল জানালেন আরও ৩ দিন নিউজিল্যান্ড সরকারের নির্ধারিত এমআইকিউ সেন্টারে থাকতে হবে। ভিডিও বার্তায় নাফিস ইকবাল বলেন, ‘দেখুন, আমাদের অনুশীলন কয়েকদিনের জন্য হোল্ড করতে বলা হয়েছে। এই নির্দেশনা সরাসরি এসেছে- নিউজিল্যান্ডের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। অনিবার্য পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’
নাফিস ইকবাল আরও বলেন, ‘আমাদের আরেকটি টেস্ট বাকি আছে। আমরা তিনটি কোভিড টেস্ট করিয়েছি। নয় নম্বর দিনে যেটা হবে। সেটা ক্লিয়ার হলে আমরা অল ক্লিয়ার হয়ে যেতাম। আগে থেকেই নিউজিল্যান্ডে নির্ধারিত ছিল ১৪ দিনের কোয়ারেন্টাইন। কিন্তু আমাদের সফরের আগে দুই বোর্ডের আলোচনায় ৭ দিন করা হয়েছিল। সঙ্গে ৩ দিন। ১০ দিন সব সময়ই ছিল। ৭ দিন ছিল এমআইকিউয়ের আন্ডারে। ৩ দিন ছিল হোটেলে থেকে গিয়ে অনুশীলন করতে পারবে। আবার হোটেলে ফিরে আইসোলেশনে থাকতে হতো।’
এরমধ্যে ২ টেস্টে সফরে গিয়ে নিউজিল্যান্ডে বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ করোনা আক্রান্ত হন। তাকে আলাদা রাখা হয়েছে। বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ড গিয়েছে সেই ফ্লাইটে একজনের কোভিড পজিটিভ হয়। তার আশেপাশে থাকা দলের নয়জনের কোয়ারেন্টাইনের সময় বাড়ানো হয়েছে। মুমিনুল হক, ইয়াসির রাব্বী, নুরুল হাসান সোহান, ফজলে মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ আলাদা আছেন।
২০২২ সালের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এর আগে হেরাথ অনেকটাই সেরে উঠেছেন। তেমনই খবর দিলেন নাফিস ইকবাল।










Discussion about this post