ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেড এবার নতুন পথে হাঁটছে। আগের মতো প্লেয়ার্স ড্রাফট নয়, প্রথমবারের মতো নিলামের মাধ্যমে খেলোয়াড় দলে ভেড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজকেরা। ষষ্ঠ আসরের আগে এই কাঠামোগত পরিবর্তন টুর্নামেন্টটিকে নতুন মাত্রা দিয়েছে।
আগামী ১২ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এই নিলাম, যেখানে জায়গা করে নেওয়া ক্রিকেটারদের তালিকায় আছেন বাংলাদেশের দুই পরিচিত মুখ-রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।
প্রাথমিকভাবে ৭১২ জন পুরুষ ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন এবারের নিলামের জন্য। সেখান থেকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ২৪৭ জনকে। বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন খেলতে চাওয়ার আশায়। তবে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকায় টিকে আছেন কেবল রিশাদ ও মুস্তাফিজ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে নজর কাড়া এই দুই ক্রিকেটারই এখন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।
নিলামে প্রথমে ডাকা হবে ১০ জন মার্কি খেলোয়াড়ের নাম। সেখানে কোনো বাংলাদেশি না থাকলেও রিশাদকে রাখা হয়েছে ‘টায়ার-১ স্পিন’ ক্যাটাগরিতে, যা তার প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ইঙ্গিত দেয়। অন্যদিকে মুস্তাফিজ রয়েছেন লং-লিস্টে। প্রাথমিক তালিকায় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ১ লাখ পাউন্ড রিজার্ভ প্রাইসে নাম লিখিয়েছিলেন মুস্তাফিজ। রিশাদের রিজার্ভ প্রাইস ছিল ৭৫ হাজার পাউন্ড। বাকি ক্রিকেটাররা ছিলেন ৩১ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে, কিন্তু তারা কেউই চূড়ান্ত নিলাম তালিকায় জায়গা পাননি।
মুস্তাফিজের অভিজ্ঞতা ও বৈচিত্র্যময় কাটার, আর রিশাদের লেগ স্পিন-এই দুই ভিন্নধর্মী অস্ত্রই নিলামে তাদের সম্ভাবনাকে জোরদার করছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে রিশাদের সাম্প্রতিক উত্থান তাকে ‘টায়ার-১ স্পিন’ তালিকায় জায়গা এনে দিয়েছে। আর বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা মুস্তাফিজকে এখনও চাহিদাসম্পন্ন পেসার হিসেবে ধরে রেখেছে।
এদিকে টুর্নামেন্টকে ঘিরে পাকিস্তানি ক্রিকেটারদের সম্ভাব্য ‘শ্যাডো ব্যান’ নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। কিছু ইংলিশ প্রতিবেদনে দাবি করা হয়, আইপিএল মালিকানার সঙ্গে যুক্ত চারটি দল রাজনৈতিক কারণে পাকিস্তানি খেলোয়াড়দের জন্য বিড করবে না। তবে পরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং টুর্নামেন্টের আট ফ্র্যাঞ্চাইজি যৌথ বিবৃতিতে জানায়, জাতীয়তার ভিত্তিতে নয়; পারফরম্যান্স, ন্যায্যতা ও দলের প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় নির্বাচন করা হবে।
আগামী ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে আসন্ন আসর। নতুন নিলাম পদ্ধতিতে গড়া দলগুলো কেমন হয়, তা নিয়ে আগ্রহ তুঙ্গে।










Discussion about this post