করোনাকালে ২০ ওভারের ধামাকা ক্রিকেটের মঞ্চ তৈরি। শুক্রবার মাঠে গড়াবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই টুর্নামেন্টে তারকার কমতি থাকছে না। সব মিলিয়ে এবারের বিপিএল বড় ভূমিকা রাখবে বলেই মনে করেন সাকিব আল হাসান। ফরচুন বরিশাল অধিনায়ক জানাচ্ছিলেন, কম করে হলেও কয়েকজন ক্রিকেটার খুঁজে পাওয়া যাবে এই আয়োজন থেকে।
এমনিতে বিপিএলের প্রতিটি দলের একাদশে ৪ জন কিংবা ৫ জন বিদেশি খেলানোর নিয়ম রাখা হয়। এবার সুযোগটাও বেশি সুযোগ থাকছে। কারণ করোনার সময়ে এবার একাদশে রাখা যাবে সর্বোচ্চ ৩ জন বিদেশি ক্রিকেটার। তার মানে এক দলে ৭ দেশি ক্রিকেটার থাকবে।
মঙ্গলবার রাতে ফরচুন বরিশাল দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিব বলেন, ‘দেশের ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ, বড় একটা মঞ্চ নিজেদের মেলা ধরার ও পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে আসার। আমি বিশ্বাস করি, এখান থেকে ২ কিংবা ৩ জন নতুন ক্রিকেটার পাব, যারা টি-টোয়েন্টি ফরম্যাটে অন্তত জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারবে।’
সঙ্গে আরও যোগ করলেন সাকিব, ‘নতুন ক্রিকেটারদের পারফর্ম করে জাতীয় দলের আসার জন্য ভালো একটি প্ল্যাটফর্ম এটি, যেখানে তারা পারফর্ম করে জাতীয় দলে আসতে পারে বা না আসলেও অন্তত এমন একটি পর্যায়ে নিতে পারে, যেখান থেকে জাতীয় দলে আসার মতো অবস্থায় যেতে পারে।’
এবারই প্রথম বরিশালে খেলছেন সাকিব। জানিয়ে রাখলেন ট্রফি জিতে তবেই তিনি যেতে চান বরিশালে।



