গলে পাঁচদিনের শেষ বিকেলে সূর্য ঢলে পড়ছিল, আর সেই আলো-ছায়ার মিশেলে একজন অভিজ্ঞ যোদ্ধা বিদায় নিচ্ছিল টেস্ট ক্রিকেট থেকে। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস-দুই দশকজুড়ে যিনি ক্রিকেট দুনিয়ায় এক নির্ভরতার নাম। বাংলাদেশ ছিল তার টেস্ট ক্যারিয়ারের শেষ প্রতিপক্ষ। আর শেষ দিনে মাঠে ঘটে গেল এক হৃদয়ছোঁয়া দৃশ্য-মুশফিকুর রহিমের সঙ্গে হাস্যরসে ভরা এক কথোপকথন, যা বিদায় ক্ষণের আবেগকে আরও গাঢ় করে তোলে।
ম্যাচের পঞ্চম দিনে বাংলাদেশ বোলাররা আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন, লঙ্কানরা তখন ড্রয়ের দিকে এগোচ্ছে। ঠিক তখনই উইকেটে থাকা ম্যাথিউসের দিকে মুশফিক চিৎকার করে বললেন, ‘একটা বড় শট খেলো!’ হয়তো একটু ঠাট্টা, হয়তো একটু মজা।
উত্তরে ম্যাথিউস হেসে বললেন, ‘না মুশফিক, আমি তো তোমার সঙ্গে অনূর্ধ্ব-১৯ থেকে খেলছি, তোমাকে খুব ভালো করে চিনি। এখন বড় শট খেলার সময় নয়। আমরা তো ম্যাচটা ড্র করতে চাই!’ এই ছোট্ট কথোপকথন যেন প্রমাণ করে, বছরের পর বছর মাঠে প্রতিপক্ষ হলেও সম্পর্কটা বন্ধুত্বেই গড়া।
২০২৩ সালের বিশ্বকাপে ‘টাইমড আউট’ কাণ্ডে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সম্পর্কের মধ্যে যে ফাটল ধরেছিল, সেটা ভুলে যেতে চাইলেন বিদায়ী তারকা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, ‘বাংলাদেশ অনেক শ্রদ্ধাশীল ছিল। হ্যাঁ, অতীতে কিছু উত্তপ্ত মুহূর্ত গেছে আমাদের মধ্যে। তবে পুরনো কিছু ধরে রাখার মানে নেই। আমরা বহুদিন ধরে একে অপরকে চিনি। ক্রিকেটের বাইরেও একটা সম্পর্ক তৈরি হয়েছে আমাদের মধ্যে।’
গল টেস্ট ড্র হয়েছে, কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়টা হয়েছে একেবারে জয়ী হিসেবেই। সতীর্থরা তাকে কাঁধে তুলে মাঠ ঘোরালেন, গ্যালারিতে ছিল অগণিত দর্শকের করতালি। প্রতিপক্ষ খেলোয়াড়রাও হাত মিলিয়ে জানালেন শ্রদ্ধা।
দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্ট ড্র হওয়ায় এখন সব দৃষ্টি ২৫ জুনের কলম্বো টেস্টে। এই ম্যাচ দিয়েই শুরু হবে শ্রীলঙ্কার নতুন অধ্যায়-অ্যাঞ্জেলো ম্যাথিউস-পরবর্তী যুগ!



