উইকেট নিয়ে সমালোচনা করে এখন বিপাকে রয়েছেন তামিম ইকবাল। এরইমধ্যে কুমিল্লা ভিস্কোরিয়ান্সের অধিনায়ককে সতর্ক করে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের উইকেটে বিপিএলে খেলতে বেশ বেগ পাচ্ছেন ক্রিকেটাররা। তাইতো রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, ‘এমন উইকেট গ্রহণযোগ্য নয়’। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল উইকেটকে, ‘জঘন্য’ বলে আখ্যা দেন!
কেন এমন কড়া প্রতিক্রিয়া দেখালেন, এ জন্য বিসিবি তাকে সতর্ক করেছে। এদিকে কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার ক্রিকেটার তামিমের পক্ষেই আছেন। তিনি মঙ্গলবার বলেন, ‘জানি না তামিম চিঠি হাতে পেয়েছে কি না। যদি এ রকম হয়ে থাকে, তামিম সত্যি কথাই বলেছে। কোনো মিথ্যা কথা বলেনি। তার অধিকার আছে সত্য বলার।’
তামিম-মাশরাফি দু’জনই প্রতিক্রিয়া দেখিয়েছেন। কিন্তু চিঠি পেলেন একজন। কেন? এনিয়ে সালঅউদ্দিন বলেন, ‘সেটা বলতে পারব না, তবে তাকে আলাদা করে কেন দেওয়া হলো। তামিম যেটা বলেছে, সেটা ঠিকই বলেছে। উইকেটটা আসলেই ভালো ছিল না। আমি তামিমকে সব সময়ই আগলে রাখব।’
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান এনিয়ে জানান, ‘যে ক্রিকেটারদের বোর্ডের সঙ্গে চুক্তি আছে, তাদের জানিয়ে দেওয়া হয় কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না। আপনি কোন ভঙ্গিতে বলছেন, সে কী বলেছে পুরোপুরি জানি না। ২১ ডিসেম্বর এটার শুনানি হবে। সেখান আলাপ-আলোচনার পর বিষয়টি পরিষ্কার জানা যাবে।’



