ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্বপ্নের মতো একটা সিরিজ খেললেন ইমরুল কায়েস। তারই পথ ধরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন এই ওপেনার। শুক্রবার তামিম ইকবালর রেকর্ড ভেঙেছেন তিনি। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে এক সিরিজে দুই সেঞ্চুরি আর এক ফিফটিতে ৩১২ রান তুলেন তামিম। এবার তাকে পেছনে ফেললেন ইমরুল।
শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে রাজত্ব করেন তিনি। সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে শাসন করেন জিম্বাবুয়ের বোলারদের। প্রতিপক্ষের ছুড়ে দেওয়া ২৮৭ রানের টার্গেট মামুলি করে দেন তারা। তুলে নেন শতরান। শেষ পর্যন্ত দ্বিতীয় উইকেট জুটিতে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড পাটর্নারশিপ গড়েন তারা।
হঠাৎ দলে ফেরা সৌম্য সরকার তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি গড়ে ফিরে যান সৌম্য সরকার। তার ৯২ বলে ১১৭ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ৬টি ছক্কা। আর জুটি থামে ২২০ রানে।
অন্যদিকে ইমরুলের ব্যাট থেকে আসে ১১৫ রান। গোটা সিরিজেই সফল তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৪৪ রান। তারপর দ্বিতীয় ম্যাচে ৯০। শেষ ম্যাচে শুক্রবার ১১৫। সবমিলিয়ে ৩৪৯। এক সিরিজে বাংলাদেশের হয়ে সর্বােচ্চ।


