বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে অনেকেই টি-টোয়েন্টি লিগগুলোতে নিয়মিত মুখ হলেও, দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি (SA20)–তে এখন পর্যন্ত কেউ সুযোগ পাননি। অবশেষে সেই শূন্যতা ভাঙলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।
জোহানেসবার্গে অনুষ্ঠিত চতুর্থ আসরের নিলামে তাঁকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ডে (বাংলাদেশি টাকায় প্রায় ৩৪ লাখ ৯০ হাজার) কিনেছে ডারবান সুপার জায়ান্টস।
বাংলাদেশের ক্রিকেটাররা এর আগে আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পিএসএল, এমনকি শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগেও খেলেছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার এই লিগে এবারই প্রথম কোনো বাংলাদেশি জায়গা করে নিলেন। ফলে তাইজুলের এই ডাক শুধু ব্যক্তিগত নয়, দেশের ক্রিকেটের জন্যও এক নতুন মাইলফলক।
এবারের নিলামে বাংলাদেশ থেকে ২৩ জন প্রাথমিকভাবে নাম লিখিয়েছিলেন। চূড়ান্ত তালিকায় ছিলেন ১৪ জন। তাদের মধ্যে কেবল তাইজুলই দল পেয়েছেন।
মুস্তাফিজুর রহমানের নাম উঠলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আর সাকিব আল হাসান, লিটন দাস কিংবা মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞরা নিলামের সংক্ষিপ্ত তালিকাতেই জায়গা পাননি।
নিলামে মোট ৫৪১ ক্রিকেটারের নাম ওঠে, দল পেয়েছেন ৮৪ জন। সর্বোচ্চ দামি খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার তরুণ ডেওয়াল্ড ব্রেভিস-১৬.৫ মিলিয়ন র্যান্ডে তাকে কিনেছে প্রিটোরিয়া ক্যাপিটালস। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, মঈন আলী, জেসন রয়ের মতো নামকরা তারকারা অবিক্রীত থেকে যান।
লিগটি শুরু হবে ডিসেম্বর মাসে এবং চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। একই সময়ে নির্ধারিত রয়েছে বিপিএল। তাইজুলকে খেলতে হলে অবশ্যই বিসিবি থেকে এনওসি নিতে হবে। তবে বিপিএল সময়মতো আয়োজন নিয়ে সংশয় থাকায়, তাঁর খেলতে পারার সম্ভাবনা উজ্জ্বল।
তাইজুলের ক্যারিয়ার এক নজরে
টেস্ট: ৫৫ ম্যাচে ১৮৯ উইকেট
ওয়ানডে: ২০ ম্যাচে ৩৪ উইকেট
টি-টোয়েন্টি আন্তর্জাতিক: ২ ম্যাচে ২ উইকেট
সব মিলিয়ে টি-টোয়েন্টি: ১০৫ ম্যাচে ৮৮ উইকেট










Discussion about this post