এখন জাতীয় দলের ব্যস্ততা নেই। আপাতত ঘরোয়া ক্রিকেট লিগ নিয়েই ব্যস্ত ক্রিকেটাররা। সবকিছু ঠিক থাকলে আসছে জুনের প্রথম সপ্তাহে ভারতের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাংলাদেশের। তবে সেই সিরিজটিতে কোন ফরম্যাটের ম্যাচ হবে, তা ঠিক করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অবশ্য আফগানিস্তান চাইছে ওয়ানডে ম্যাচ। তারা ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দিয়ে রেখেছে। যদিও এমন প্রস্তাবে সাড়া দেয়নি বিসিবি। এ বছরের ফেব্রুয়ারির শেষ দিক থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে। তাছাড়া জুনের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। যেখানে টেস্ট দিয়ে শুরু হবে লড়াই। তাইতো অাফগানদের বিপক্ষে সামনের সিরিজটির ফরম্যাট নিয়ে একটু চিন্তায় বিসিবি।
সোমবার এনিয়ে গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘আফগান সিরিজে ভারতে ভেন্যু নিয়ে কোনো সমস্যা নেই। আমরা কোন সংস্করণে খেলতে চাই সেটাই হচ্ছে প্রশ্ন। ওরা ওয়ানডে খেলতে চায়। আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। আমরা আমাদের সুবিধা অনুযায়ী খেলতে চাইব।’
এ অবস্থায় ওয়ানডে না খেলে টি-টুয়েন্টিও খেলার প্রস্তাব রাখতে পারে বিসিবি। ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে ভ্রমণ জটিলতা থাকায় ভেন্যু পরিবর্তনের অনুরোধ করে চিঠি পাঠিয়েছে বিসিবি।



