ওয়ানডেতে ভিন্ন হিসেব হলেও টেস্টে সত্যিকার অর্থেই ফেভারিট তারা। সেই হিসেবে চট্টগ্রামে হয়তো সহজ জয়ে ছক কষেছিলেন অ্যালিস্টার কুক। কিন্তু মাঠে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হল তাকে। আরেকটু হলে তো বাংলাদেশ হারিয়েই দিচ্ছিল তাদের। ২২ রানের সেই জয়ের পর তাইতো উচ্ছ্বসিত ছিলেন ইংলিশ অধিনায়ক।
টেস্ট শেষে সোমবার বললেন, ‘আমি সত্যিই ভেবেছিলাম ২৮০ রান যথেষ্টই হতে যাচ্ছে। কিন্তু ভাবতে পারিনি ওরা এত কাছাকাছি যাবে। ওরা যেভাবে স্পিন সামলেছে, সেটি ছিল মুগ্ধ করার মতো। এমন লড়াইয়ের প্রশংসা তো করতেই হয়।’
শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৩৩ রান। হাতে ২ উইকেট। উইকেটে ছিলেন সাব্বির রহমান, তাইজুল ইসলাম। সঙ্গে শফিউল ইসলাম। কিন্তু মাত্র ১০ রান যোগ হতেই অলআউট মুশফিকের দল। ২২ রানে টেস্ট জিতে ইংল্যান্ড।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ম ইনিংসে ইংল্যান্ড করে ২৯৩ রান। জবাবে বাংলাদেশ ২৪৮ রানে অলআউট। ইংলিশরা পায় ৪৫ রানের লিড। ২য় ইনিংসে ইংল্যান্ড ২৪০ রানে অলআউট হলে টাইগারদের সামনে ২৮৬ রানের লক্ষ্য দাঁড়ায়। কিন্তু কাশেষ দিন সোমবার সকালে ২৬৩ রানে শেষ স্বাগতিকরা।
শেষ দিনের সেই ৩৩ রান নিয়ে অধিনায়ক কুক বললেন, ‘আজ সামনে ছিল তিরিশের মতো রান আর দুই উইকেটের সমীকরণ। সোমবার সকালে আমি যথেষ্টই আত্মবিশ্বাসী ছিলাম। আমি জানতাম সুযোগ আমরা ঠিকই সৃষ্টি করতে পারব।’
কুক মনে করেন প্রথম ইনিংসে এগিয়ে থাকাতেই দল এমন জয় পেল। এবার সেই ধারাবাহিকতা ঢাকাতেও ধরে রাখতে চান তিনি।



