ক্রিকেট মাঠে উত্তেজনা কখনো কখনো সীমা ছাড়িয়ে যায়, কিন্তু খেলোয়াড়দের কাছ থেকে ভদ্রতা ও নিয়ন্ত্রণ প্রত্যাশিত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচে দেখা গেলো এক রূঢ় দৃশ্য। দুই দলের দুই খেলোয়াড়ের হাতাহাতি।
ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় দিনে আজ, বাংলাদেশের ইনিংসের ১০৪তম ওভারে। দক্ষিণ আফ্রিকার পেসার টিশেপো ইনোসেন্ট এনটুলির প্রথম বলেই ডাউন দ্য ট্র্যাক এসে ছক্কা হাঁকান বাংলাদেশের তরুণ পেসার-ব্যাটার রিপন মণ্ডল। সেই ছক্কায় যেন আগুন জ্বলে ওঠে এনটুলির চোখে!
পরের দৃশ্যটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। বল করার পরপরই এনটুলি ছুটে যান রিপনের দিকে, এবং ধাক্কা দেন তাঁকে। রিপন তাঁকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও এনটুলি থেমে থাকেননি। এক পর্যায়ে রিপনের হেলমেট টেনে ধরে আরও উত্তপ্ত করে তোলেন পরিস্থিতি।
এই অনভিপ্রেত ঘটনার সময় মাঠে উপস্থিত আম্পায়ার ও দক্ষিণ আফ্রিকার কিছু ফিল্ডার এগিয়ে এসে দুই খেলোয়াড়কে আলাদা করেন। এরপর পরিস্থিতি শান্ত হয়, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। যদিও ম্যাচটি প্রথম শ্রেণির নয়, তবু ইমার্জিং দলগুলোর প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের আচরণ খুবই গুরুত্বপূর্ণ-কারণ এখান থেকেই তারা উঠে যান আন্তর্জাতিক পর্যায়ে।
এদিকে ঘটনার আগে পর্যন্ত দারুণ খেলছিলেন রিপন মণ্ডল। ৮১ বলে ৪৩ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। প্রথম ইনিংসে বাংলাদেশ ইমার্জিং দল অলআউট হয়ে তুলেছে ৩৭১।



