ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অসাধারণ এক পারফরমার তিনি। বছর জুড়েই সাফল্য পেয়েছেন। এমন কী বছরের শেষ টেস্টেও তার দাপট। বক্সিং ডে টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার প্রায় চার দশকের পুরনো এক ভারতীয় রেকর্ড ভাঙলেন জাসপ্রিত বুমরাহ। এদিন তৃতীয়দিন ১৫ উইকেটের পতন হয়েছে। আর বুমরাহ ছিলেন দিনের সফল বোলার।
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের দিশেহারা করে তুলে নিয়েছেন ৬ উইকেট। এই সাফল্যে ভেঙেছেন ৩৯ বছরের পুরনো রেকর্ড। এই পেসার নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ১৯৭৯ সালে প্রথমবার টেস্ট খেলতে নেমে এক বছরে ৪০ উইকেট পেয়ে রেকর্ড গড়েন দিলীপ দোশি। অভিষেকের বছরে সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকারি ছিলেন এই স্পিনার। বুমরাহ এবার তাকে টপকে গেলেন।
টেস্ট অভিষেকের পর মাত্র ৯টি টেস্টে বুমরাহ নেন ৪৫ উইকেট। অজিদের বিপক্ষে বক্সিং ডে টেস্টের এখনো দ্বিতীয় ইনিংস খেলা বাকি।
বুমরাহর দাপটে এখন মেলবোর্নে কোনঠাসা স্বাগতিকরা। মাত্র ৬৬.৫ ওভারে ১৫১ রানে প্রথম ইনিংস শেষ অজিদের। ভারত পায় ২৯২ রানের লিড। তারপর প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে নিজেরাই নেমেছে। তৃতীয় দিন শেষে ৫৪ রানে শেষ ৫ উইকেট। লিড ৩৪৬ রানের।
৩৩ রানে ৬ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। টেস্টে এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৪৪৩/৭ ইনিংস ঘোষণা
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: (আগের দিন শেষে ৮/০) ৬৬.৫ ওভারে ১৫১ (হ্যারিস ২২, ফিঞ্চ ৮, খাজা ২১, শন মার্শ ১৯, হেড ২০, মিচেল মার্শ ৯, পেইন ২২, কামিন্স ১৭, স্টার্ক ৭*, লায়ন ০, হেজেলউড ০; ইশান্ত ১/৪১, বুমরাহ ৬/৩৩, জাদেজা ২/৪৫, শামি ১/২৭, বিহারি ০/১)
ভারত ২য় ইনিংস: ২৭ ওভারে ৫৪/৫ (বিহারি ১৩, আগারওয়াল ২৮*, পুজারা ০, কোহলি ০, রোহিত ৫, পান্ত ৬*; স্টার্ক ০/১১, হেজেলউড ১/১৩, লায়ন ০/১৯, কামিন্স ৪/১০)


